স্পোর্টস ডেস্ক, কলকাতা: ইস্টবেঙ্গলকে (East Bengal) ঘিরে অনিশ্চয়তার মেঘ এখনও কাটেনি। গত মরশুমে দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রফি জিতলেও ক্লাবের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে বর্তমান বিনিয়োগকারী ইমামির অবস্থান নিয়ে সংশয় তৈরি হওয়ায় সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই আবহেই হঠাৎ করে নতুন করে সামনে আসে শ্রী সিমেন্টের নাম। সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, একসময় ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত থাকা এই শিল্পগোষ্ঠী নাকি আবার ক্লাবে ফিরতে পারে।
Read English: Shree Cement Rules Out Any Return to East Bengal Amid Speculation
জল্পনার সূত্রপাত হয় একটি খবরকে কেন্দ্র করে। শোনা যায়, ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার নাকি শ্রী সিমেন্টের দফতরে গিয়ে বৈঠক করেছেন। এরপরই অনেকের মনে আশা জাগে যে, অতীতে ক্লাবে বড় অঙ্কের বিনিয়োগ করা সংস্থাটি হয়তো আবার লাল-হলুদের পাশে দাঁড়াতে চলেছে। তবে সেই সমস্ত জল্পনায় কার্যত ইতি টেনে দিয়েছেন শ্রী সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙুর।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইস্টবেঙ্গলে ফেরার কোনও পরিকল্পনা তাদের নেই। তাঁর বক্তব্য, সংস্থার সঙ্গে ক্লাবের পুনরায় যুক্ত হওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। অফিসে বিভিন্ন কারণে বহু মানুষের যাতায়াত থাকে, কিন্তু সেই সূত্র ধরে কোনও বিনিয়োগ বা অংশীদারিত্বের সিদ্ধান্তের কথা ভাবা ঠিক নয়। শ্রী সিমেন্টের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, ইস্টবেঙ্গলের সঙ্গে নতুন করে কোনও সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা নেই।
উল্লেখ্য, ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্টের সম্পর্কের ইতিহাস খুব সুখকর ছিল না। আইএসএলে খেলার সুযোগ করে দিতে দুই পক্ষ একসঙ্গে পথচলা শুরু করলেও কিছুদিনের মধ্যেই মতপার্থক্য সামনে চলে আসে। ক্লাব কর্তারা একাধিকবার অভিযোগ করেছিলেন যে, শ্রী সিমেন্ট ক্লাবের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। অন্যদিকে সংস্থার সঙ্গেও প্রশাসনিক নানা বিষয়ে দূরত্ব তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায় এবং দুই পক্ষ আলাদা পথে হাঁটে। ফলে বর্তমান পরিস্থিতিতে শ্রী সিমেন্টের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে সমর্থকদের মধ্যে যে আশার সঞ্চার হয়েছিল, তা দ্রুতই ম্লান হয়ে গেল।
অন্যদিকে, ইমামির ভবিষ্যৎ ভূমিকা নিয়েও ধোঁয়াশা বজায় রয়েছে। সর্বভারতীয় ফুটবলের কাঠামো ও প্রতিযোগিতার সূচি এখনও স্পষ্ট না হওয়ায় তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না। জানা যাচ্ছে, সম্প্রতি ক্লাব ও বিনিয়োগকারী পক্ষের মধ্যে দীর্ঘ বৈঠক হলেও কোনও নির্দিষ্ট সমাধান বেরিয়ে আসেনি। ফুটবল ক্যালেন্ডার, আইএসএলের ভবিষ্যৎ এবং প্রতিযোগিতার রূপরেখা পরিষ্কার না হওয়া পর্যন্ত ইমামি বড় কোনও পদক্ষেপ করতে আগ্রহী নয়।
এই পরিস্থিতিতে ক্লাবের অন্দরমহলে বিকল্প বিনিয়োগকারীর খোঁজও শুরু হয়েছে বলে খবর। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবু ভবিষ্যতের কথা মাথায় রেখে একাধিক সম্ভাব্য সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে সূত্রের দাবি। ফলে নতুন মরশুমের আগে মাঠের সাফল্যের উচ্ছ্বাসের পাশাপাশি প্রশাসনিক ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


















