চেন্নাইয়িন থেকে সবুজ-মেরুনে ফিরতে চলেছেন এই ফুটবলার

চেন্নাইয়িন এফসিতে এক মরসুম কাটিয়ে ফের সবুজ-মেরুন শিবিরে রাজ বাস্ফোর। কলকাতা লিগ ও ডুরান্ড কাপে নজর থাকবে তরুণ ডিফেন্ডারের দিকে।

raj-basfore-returns-to-mohun-bagan-from-chennaiyin-fc

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত মরসুমটা খুব একটা ভালো যায়নি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। যদিও সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছিল মেরিনার্সরা। ঐতিহাসিক আইএফএ শিল্ডের ফাইনালে তারা পরাজিত করেছিল পড়শী ক্লাব ইস্টবেঙ্গলকে। সুপার কাপে সেই ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। ছিটকে যেতে হয়েছিল গ্রুপ পর্ব থেকে। তারপর সকলের নজরে ছিল দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল।

অন্যান্য সিজন গুলির মত জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরবর্তীতে আটকে যেতে হয়েছিল মুম্বাই সিটি এফসির কাছে। তারপর ও দল পয়েন্ট নষ্ট করে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে। তাছাড়া সিঙ্গেল লেগের টুর্নামেন্ট হওয়ায় যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল চ্যাম্পিয়নশিপের লড়াই। শেষ পর্যন্ত টুর্নামেন্টের শেষ ম্যাচে পিছিয়ে থেকে জয় আসলেও ট্রফি ধরে রাখা সম্ভব হয়নি। গোল পার্থক্যের ভিত্তিতে ভারত সেরা হয় ইস্টবেঙ্গল ক্লাব। তবে সেইসব এখন অতীত। পুরনো সব ভুলে এবার নতুন সিজনে নিজেদের হারানো ছন্দ ফেরানোই লক্ষ্য মেরিনার্সদের।

Advertisements

চলতি সপ্তাহের বুধবার বিকেল থেকেই কলকাতা লিগের প্রস্তুতি শুরু করছে মোহনবাগানের যুবদল। তবে এসবের মাঝেই সামনে আসতে শুরু করেছে নয়া তথ্য। শোনা যাচ্ছে, নিজেদের দলের এক তরুণ প্রতিভাকে এবার ঘরে ফেরাচ্ছে সবুজ-মেরুন। তিনি রাজ বাস্ফোর। গতবার দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব তথা চেন্নাইয়িন এফসিতে যোগদান করেছিলেন এই ভারতীয় ডিফেন্ডার। খেলেছেন সুপারকপের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট‌। তবে এবার ফিরতে চলেছেন ময়দানের এই প্রধানে।

আসন্ন কলকাতা ফুটবল লিগে নিজেকে কতটা মেলে ধরতে পারেন এখন সেদিকেই নজর থাকবে প্রত্যেকের। মনে করা হচ্ছে সিএফএলের পাশাপাশি ডুরান্ড কাপেও খেলতে পারেন রাজ।