রাজ্যে শুরু হবে জনগণনা, শুক্রেই বৈঠকে মুখ্যমন্ত্রী

কলকাতা: রাজ্যে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত আদমশুমারি বা জনগণনার কাজ। গত ১১ মে রাজ্য সরকারের তরফ থেকে এই সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবারের আদমশুমারিতে সাধারণ ...

By Moumita Biswas

Published:

Follow Us
West Bengal Holding Centre Plan

কলকাতা: রাজ্যে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত আদমশুমারি বা জনগণনার কাজ। গত ১১ মে রাজ্য সরকারের তরফ থেকে এই সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবারের আদমশুমারিতে সাধারণ মানুষের সুবিধার্থে একগুচ্ছ আধুনিক ও ডিজিটাল প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ‘সেলফ এনিউমারেশন’ বা ‘স্ব-গণনা’-র বিশেষ সুবিধা।

অনলাইনে স্ব-গণনার পদ্ধতি

প্রশাসনিক মহল সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষ চাইলে সরকারি পোর্টাল (www.se.census.gov.in)-এর মাধ্যমে অনলাইনে স্বেচ্ছায় নিজেদের পরিবারের যাবতীয় বিবরণ ও উত্তর জমা দিতে পারবেন। তথ্য সফলভাবে আপলোড হওয়ার পর একটি ‘সেলফ এনিউমারেশন আইডি’ তৈরি হবে। পরবর্তীতে যখন সরকারি গণনাকারী বাড়িতে আসবেন, তখন তাঁকে শুধু এই আইডি-টি দেখালেই চলবে। তিনি সেটি সংগ্রহ করে কেন্দ্রীয় ডেটাবেসে তথ্য আপলোড করে দেবেন। চলতি বছরের ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত এই অনলাইন সুবিধার সুবিধা নেওয়া যাবে। তবে যাঁরা এই বিকল্প বেছে নেবেন না, গণনাকারীরা আগের মতোই তাঁদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

   

বাড়ি বাড়ি যাবেন গণনাকারী, থাকবে ৩৩টি প্রশ্ন

স্ব-গণনার পর্ব মিটতেই আগামী ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে ‘এইচএলও ফেজ-১’ বা প্রথম দফার কাজ পরিচালিত হবে। এই সময় গণনাকারীরা একটি সুনির্দিষ্ট প্রশ্নাবলি নিয়ে প্রতিটি পরিবারে যাবেন। আবাসন, পারিবারিক সুযোগ-সুবিধা, সম্পদ ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কিত মোট ৩৩টি প্রশ্নের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হবে।

সুরক্ষায় বিশেষ মোবাইল অ্যাপ ও উপগ্রহ ম্যাপিং

বৃহস্পতিবার রাজ্যের ডাইরেক্টোরেট অফ সেন্সাস অপারেশনস-এর তরফে এক বিবৃতিতে আশ্বস্ত করে জানানো হয়েছে, নাগরিকদের দেওয়া সমস্ত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। তথ্য সংগ্রহের জন্য এবার ব্যবহার করা হচ্ছে একটি বিশেষ ‘এইচএলও’ মোবাইল অ্যাপ্লিকেশন। এর পাশাপাশি রিয়েল-টাইম নজরদারির জন্য ‘সেন্সাস ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম পোর্টাল’ এবং উপগ্রহ-সহায়ক নিখুঁত ম্যাপিং-এর জন্য ‘হাউস লিস্টিং ব্লক ক্রিয়েটর ওয়েব পোর্টাল’ ব্যবহার করা হবে।

আজকের উদ্বোধনী সম্মেলনে উপস্থিত অতিথিদের হাতে ‘সেন্সাস ২০২৭’-এর একটি ম্যাসকটও তুলে দেওয়া হবে। রাজ্যবাসীর কাছে সঠিক ও সম্পূর্ণ তথ্য দিয়ে এই জাতীয় কর্মকাণ্ডে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন আধিকারিকেরা। এই বিষয়ে কোনও জিজ্ঞাসা থাকলে সাধারণ মানুষ টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৮৫৫-এ যোগাযোগ করতে পারবেন।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google