নয়াদিল্লি ও কলকাতা: রাজ্য পাল বদল ঘটলেও, অবসান হয়নি সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা আদায়ের লড়াই৷ বুধবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হল, পূর্বতন জমানার বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে নতুন প্রশাসন কী কী পদক্ষেপ করেছে। মামলাকারীদের তরফে জানানো হয়, আগামী ১ জুন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের একটি উচ্চপর্যায়ের বৈঠক নির্ধারিত হয়েছে। এই আলোচনার মাধ্যমে বকেয়া মেটানোর একটি সুনির্দিষ্ট নীলনকশা তৈরি হতে পারে। এই যুক্তিকে মান্যতা দিয়েই সর্বোচ্চ আদালত জানিয়েছে, আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হবে। তবে তার আগে রাজ্য সরকারকে ডিএ মেটানোর অগ্রগতির খতিয়ান দিয়ে হলফনামা বা ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিতে হবে। (Supreme Court hearing on pending DA in West Bengal)
আদালত অবমাননা ও ২৫ শতাংশের ফাঁস
কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া মেটানোর দাবিতে কলকাতা হাইকোর্ট হয়ে মামলাটি সুপ্রিম কোর্টে গড়িয়েছিল। রাজ্যে পূর্বতন তৃণমূল সরকার থাকাকালীনই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সরকারি কর্মচারীদের পুরনো বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। বাকি ৭৫ শতাংশ বকেয়া ধাপে ধাপে মেটানোর জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছিল। কিন্তু আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তৎকালীন রাজ্য সরকার সেই বকেয়া মেটায়নি বলে অভিযোগ। ফলত, গত ফেব্রুয়ারিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে নতুন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চ’।
বিকাশ-করুণাদের সওয়াল ও ১ জুনের নবান্ন বৈঠক
বুধবার সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারীদের পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও করুণা নন্দী। তাঁরা আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিল যে ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার এবং বাকি ৭৫ শতাংশ বকেয়ার প্রথম কিস্তি ৩১ মার্চের মধ্যে মেটানো উচিত ছিল। কিন্তু তৎকালীন সরকারের অনাগ্রহের কারণে কোনও অগ্রগতি হয়নি। এবার বাংলায় নতুন সরকার গঠিত হওয়ায় কর্মচারীরা আশার আলো দেখছেন। ১ জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কর্মচারীদের প্রতিনিধিদের বৈঠকে বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হতে পারে। এখন দেখার, এই ঐতিহাসিক বৈঠকের পর নবান্ন সুপ্রিম কোর্টে কী রিপোর্ট পেশ করে এবং রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ-র অবসান ঘটে কি না।




















