
নয়াদিল্লি: দেশের কোটি কোটি রান্নার গ্যাস গ্রাহকদের জন্য বড়সড় খুশির খবর শোনাল কেন্দ্র সরকার। এলপিজি (LPG) ও পিএনজি (PNG) সরবরাহ ব্যবস্থার নিয়মে এক যুগান্তকারী পরিবর্তন আনা হল। সরকারের তরফে প্রকাশিত একটি নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘লিকুইড পেট্রোলিয়াম গ্যাস সংশোধনী’ আইনের মাধ্যমে গ্রাহকদের এখন থেকে আরও বেশি সুবিধা এবং স্বাধীনতা দেওয়া হবে। (lpg rules for png users)
বাধ্যতামূলক নয় সারেন্ডার, গ্রাহকদের সামনে জোড়া বিকল্প
নতুন নির্দেশিকা অনুযায়ী, বাড়িতে পাইপলাইনের গ্যাস বা PNG কানেকশন নিলেই যে চিরতরে এলপিজি সিলিন্ডারের মায়া ত্যাগ করতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা আর থাকছে না। এবার থেকে গ্রাহকদের সামনে দুটি আকর্ষণীয় বিকল্প খোলা রাখছে কেন্দ্র৷ প্রথমত, কোনও গ্রাহক যদি PNG কানেকশন নেন, তবে তিনি চাইলে পরবর্তী ৩০ দিনের মধ্যে তাঁর পুরনো LPG কানেকশনটি বিচ্ছিন্ন বা সারেন্ডার করার জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, গ্রাহকরা চাইলে তাঁদের এলপিজি কানেকশনটি পুরোপুরি বন্ধ না করে, ভবিষ্যতে সেটি ফের চালু করার জন্য একটি বিশেষ ‘ট্রান্সফার ভাউচার’ সংগ্রহ করে রাখতে পারবেন।
সবচেয়ে বেশি উপকৃত হবেন চাকুরিজীবী ও পড়ুয়ারা
কেন্দ্রের দাবি, যারা বদলির চাকরি করেন, পরিযায়ী পরিবার, ভাড়াটে কিংবা পড়াশোনার সূত্রে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ঘন ঘন শহর বা এলাকা পরিবর্তন করেন, তাঁদের জন্য এই ট্রান্সফার ভাউচারটি তুরুপের তাস হতে চলেছে। কারণ, অনেক সময় তাঁদের এমন কোনও প্রত্যন্ত এলাকায় চলে যেতে হয় যেখানে এখনও পাইপলাইনের মাধ্যমে PNG গ্যাস পৌঁছায়নি। সেই সমস্ত পিএনজি-বিহীন এলাকায় গেলে এই ভাউচারটি দেখিয়েই মাত্র এক লহমায় ফের চালু করে নেওয়া যাবে পুরনো এলপিজি সিলিন্ডার। এর ফলে বারবার নতুন গ্যাস কানেকশন নেওয়ার ঝক্কি ও খরচ, দুই-ই বাঁচবে।
নেপথ্যে মধ্যপ্রাচ্য সংকট, মাত্র ৭ দিনে মিলবে PNG
বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাসের জোগানে টান পড়েছে। ফলে দেশীয় বাজারে এলপিজি সিলিন্ডার বুকিং করার পরও গ্রাহকদের বেশ কিছুদিন অপেক্ষায় থাকতে হচ্ছে। এই ওয়েটিং পিরিয়ড বা অপেক্ষার ধকল কমাতেই সরকার আমজনতাকে পাইপলাইনের গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহিত করছে। শুধু তাই নয়, নতুন আবেদনের মাত্র ৭ দিনের মধ্যে যাতে PNG কানেকশনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়, তার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে নবান্ন ও দিল্লি। কেন্দ্রের এই নতুন মাস্টারস্ট্রোকে দুই ধরনের গ্যাস পরিষেবার মধ্যে যেমন উন্নত সমন্বয় তৈরি হবে, ঠিক তেমনই স্বস্তি পাবেন দেশের সাধারণ মধ্যবিত্তরা।











