Home West Bengal সজল ঘোষের বৈঠকে তৃণমূল সাংসদ সৌগত রায়! বরানগরে নজিরবিহীন ছবি

সজল ঘোষের বৈঠকে তৃণমূল সাংসদ সৌগত রায়! বরানগরে নজিরবিহীন ছবি

TMC MP attends BJP MLA meeting in Baranagar

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের হাই-ভোল্টেজ ফলাফল প্রকাশের পর রাজ্যের রাজনীতিতে এক অদ্ভুত এবং নজিরবিহীন সমীকরণের সাক্ষী থাকল বরানগর। নির্বাচনে জেতার পর বরানগর পুরসভার সমস্ত কাউন্সিলরদের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক সজল ঘোষ। আর সেই বৈঠকেই আকস্মিকভাবে যোগ দিলেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়! দলীয় রঙ ভুলে বিজেপি বিধায়ক এবং তৃণমূল সাংসদের এই একমঞ্চে বসা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। (TMC MP attends BJP MLA meeting in Baranagar)

- Advertisement -

উন্নয়নের স্বার্থেই হাজির হয়েছিলাম, সাফাই সৌগত রায়ের

নির্বাচনের সময় এই বরানগরেই সজল ঘোষের বিরুদ্ধে তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কোমর বেঁধে প্রচার করেছিলেন সৌগত রায়। তবে ভোট মিটতেই সেই সজলের ডাকে সাড়া দিয়ে বৈঠকে যোগ দেওয়া প্রসঙ্গে প্রবীণ সাংসদ জানান, এলাকার উন্নয়নের স্বার্থেই তিনি উপস্থিত হয়েছিলেন। বৈঠক শেষে বেরিয়ে এসে সৌগত রায় বলেন, “কোথায় কোথায় কী কী উন্নয়ন প্রয়োজন, তা নিয়েই এই বৈঠক ডাকা হয়েছিল। বিশেষ করে বর্ষা আসার আগে এলাকার যেসব জায়গায় জল জমে, তার দ্রুত সুরাহা করার ওপর জোর দিয়েছেন বিধায়ক। অনেক জায়গায় রাস্তার কাজ শুরু হয়ে থমকে রয়েছে, সেগুলিও দ্রুত শেষ করার কথা বলা হয়েছে। আসলে মানুষের আশা বাড়ছে, তাই তাঁরা অভাব-অভিযোগ নিয়ে বিধায়কের কাছে আসছেন।”

   

‘পাহাড় প্রমাণ সমস্যা, আগের সরকার সব নয়ছয় করেছে’: বিস্ফোরক সজল ঘোষ

তৃণমূল সাংসদকে পাশে বসিয়ে বৈঠক করলেও, পূর্বতন তৃণমূল সরকারকে একহাত নিতে ছাড়েননি বিজেপি বিধায়ক সজল ঘোষ। এলাকার বেহাল দশা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে সজল বলেন, “বরানগরের পাহাড় প্রমাণ সমস্যা। জল নেই, রাস্তা নেই, ঠিকাদার কাজ ফেলে পালিয়ে গিয়েছে। আগের সরকারের প্রচুর নয়ছয়ের কারণে এবং পেমেন্ট সংক্রান্ত ঝামেলার জন্য নতুন সরকার এমবার্গো (নিষেধাজ্ঞা) জারি করেছে। আগের সরকার যদি ঠিকঠাক কাজ করত, তাহলে আজ আমাদের ৩ ঘণ্টার ম্যারাথন মিটিং করতে হতো না, সাংসদকেও ডেকে আনতে হতো না। এগুলো বিধায়কের কাজ নয়, তা-ও এলাকার স্বার্থে আমাকেই করতে হচ্ছে।”

সায়ন্তিকার হারের পর বরানগরে নতুন সমীকরণ

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে সজল ঘোষের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। জয় নিয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী হলেও, শেষ পর্যন্ত সজল ঘোষের কাছে পরাজিত হন। নির্বাচনের সময় যে সৌগত রায়কে সায়ন্তিকার ছায়াসঙ্গী হিসেবে দেখা গিয়েছিল, আজ সেই সৌগত রায়ই বিজেপি বিধায়কের পাশে বসে পুরসভার বর্ষার প্রস্তুতি এবং নিকাশি সমস্যার সমাধান খুঁজছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলমত নির্বিশেষে এই বৈঠক বরানগরের মানুষের জন্য ইতিবাচক হলেও, এর ভেতরের রাজনৈতিক রসায়ন কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Follow on Google