Kolkata, May 19: আগামী ২১ মে, বৃহস্পতিবার আইএসলের দমদার ম্যাচে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল ও ইন্টার কাশী। তার আগেই বেনজির পদক্ষেপ ইন্টার কাশী ক্লাব কর্তৃপক্ষের। আসন্ন ম্যাচকে সামনে রেখে টিকিটের সর্বনিম্ন মূল্য এক হাজার টাকা নির্ধারণ করেছে দলটি। তাদের এই সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করেছে লাল-হলুদ শিবির।
এবার বাংলার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনকে হোম গ্রাউন্ড বানিয়েছে ইন্টার কাশী। বৃহস্পতিবারের ম্যাচটির আয়োজক ইন্টার কাশী। এদিন কিশোর ভারতীতে ন্যূনতম টিকিটের মূল্য রেখেছে ১০০০ টাকা। ভিআইপি টিকিটের দাম আরও বেশি। সেকারণেই কাশীর থেকে আয়োজনের দায়িত্ব নিজের হাতে নিতে চায় ইস্ট বেঙ্গল।
বর্তমানে আর্থিক সমস্যায় ভুগছে ইন্টার কাশী। আর কিশোর ভারতীতে প্রায় দশ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। তাই টিকিটের মূল্য বৃদ্ধি করে নিজেদের কোষাগার ভরাতে চাইছে কাশী কর্তৃপক্ষ। এমনটাই ভাবছে অনেকে। এখন দেখার ভারতীয় ফুটবল সংস্থা এই ম্যাচের দায়িত্ব ইস্ট বেঙ্গলের হাতে সমর্পণ করে কি না।
ইন্টার কাশীর এই উচ্চমূল্যের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—এতে কি দর্শকসংখ্যা কমে যাবে? অনেকেই মনে করছেন, এই দাম সাধারণ ফুটবলপ্রেমীদের নাগালের বাইরে চলে যেতে পারে। টিকিটের দাম এত বেশি হলে মাঠে দর্শকের উপস্থিতি প্রভাবিত হতে পারে, যা খেলার পরিবেশের উপরও প্রভাব ফেলবে। যা হতে দিতে নারাজ ইস্ট বেঙ্গল।




















