যশস্বীর রেকর্ড ছুঁয়ে অসুস্থ বাবাকে আবেগঘন ইনিংস উৎসর্গ উর্ভিল প্যাটেলের

মাত্র ১৩ বলে অর্ধশতরান করে আইপিএলে নজির গড়লেন উর্ভিল প্যাটেল, আবেগঘন বার্তায় অসুস্থ বাবাকে উৎসর্গ করলেন ইনিংস।

urvil-patel-equals-yashasvi-jaiswal-fastest-ipl-fifty-dedicates-knock-to-father

Kolkata, May 11: প্রতি বছর আইপিএলের মাধ্যমে ফুটে ওঠে একরাশ তরুণ প্রতিভা। এবছরও তেমনি কিছু প্রতিভা চোখে পড়ছে। উর্ভিল প্যাটেল তাদেরই মধ্যে একজন। রবিবার লখনউ-এর বিরুদ্ধে চেন্নাইয়ের জয়ের নেপথ্যে রয়েছে গুজরাটের এই খেলোয়াড়। পাশাপাশি এদিন সবচেয়ে দ্রুততম অর্ধশতরানের রেকর্ডও করেছেন তিনি। এই হাফ সেঞ্চুরি তিনি তাঁর বাবাকে উৎসর্গ করেন।

আরও পড়ুন: মুম্বই ম্যাচে আগুনে ভুবি, ফের জাতীয় দলে ফেরানোর জোর দাবি

এদিন প্রথমে ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস ২০৩ রান তোলে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। ওই মন্থর পিচে উর্ভিলের ২৩ বলে ৬৫ রানের ইনিংস ছিল সিএসকে এর জয়ের ভিত্তি। তাঁর ইনিংসটি সাজানো ছিল ২টি চার ও ৮টি ছক্কায়। এদিন তাঁর স্ট্রাইক রেট ছিল ২৮২.৬১।

এই ইনিংসেই মাত্র ১৩ বলে আইপিএলে হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। এর আগে এই কৃতিত্ব ছিল যশস্বী জয়সওয়ালের। রাজস্থানের এই ব্যাটার ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৩ বলে ৫০ করে এই নজির গড়েছিলেন। এবার তাঁরই দলে নাম লেখালেন চেন্নাইয়ের এই খেলোয়াড়।

আরও পড়ুন: দ্রুততম ছক্কার সেঞ্চুরি বিস্ময় বালক বৈভবের দখলে

অর্ধশতরান পূর্ণ করার পর উর্ভিল পকেট থেকে একটি চিরকুট বের করে মেলে ধরেন। সেই নোটে লেখা ছিল,  “দিস ইজ ফর ইউ পাপা” (বাবা, এটা তোমার জন্য)।উর্বিলের বাবা গত এক মাস ধরে গুরুতর শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। তবে বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন।