“ভুল দলে ছিলাম!” আপ-এর ‘টক্সিক’ পরিবেশ নিয়ে তোপ রাঘবের

Raghav Chadha দাবি করেছেন, Aam Aadmi Party-র ভিতরে কাজের পরিবেশ ‘টক্সিক’ হয়ে উঠেছিল, তাই দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

Raghav Chadha says toxic work culture in AAP

নয়াদিল্লি: কর্পোরেট অফিসের কর্মীরাই শুধু নন, কর্মক্ষেত্রের ‘টক্সিক কালচার’ বা বিষাক্ত পরিবেশ যে রাজনীতির ময়দানকেও গ্রাস করতে পারে, তার প্রমাণ দিলেন রাঘব চাড্ডা। সোমবার আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি। রাঘবের দাবি, আপ-এর বর্তমান কাজের পরিবেশ এতটাই বিষাক্ত যে সেখানে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছিল।

কেন ছাড়লেন আপ?

ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে রাঘব জানান, তিনি নিজের কেরিয়ার গড়তে রাজনীতিতে আসেননি। আপ-এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তিনি তাঁর জীবনের সেরা ১৫টি বছর এই দলকে দিয়েছেন। কিন্তু বর্তমানে দলটির রাশ ‘দুর্নীতিগ্রস্ত’দের হাতে চলে গিয়েছে। রাঘবের কথায়, “দলের মধ্যে এখন বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। এমনকি সংসদে কী বলব, তা-ও সেন্সর করা হচ্ছিল। কাজ করার কোনও পরিবেশ নেই সেখানে।”

   

‘সঠিক মানুষ কিন্তু ভুল দলে’ Raghav Chadha says toxic work culture in AAP

বিজেপিতে যোগদানের সপক্ষে যুক্তি দিয়ে রাঘব বলেন, তিনি নিজেকে “সঠিক মানুষ কিন্তু ভুল দলে” হিসেবে আবিষ্কার করেছিলেন। তিনি আরও জানান, শুধু তিনি একা নন, আপ-এর মোট ৭ জন সাংসদ একই কারণে দল ছেড়েছেন। রাঘবের প্রশ্ন, “এক-দু’জন ভুল হতে পারেন, কিন্তু সাতজন সাংসদ কি একসঙ্গে ভুল সিদ্ধান্ত নিতে পারেন?”

বিজেপির চাপ না কি হতাশা?

বিজেপির কোনও ভয় বা কেন্দ্রীয় এজেন্সির চাপে তিনি দল ছেড়েছেন, এমন দাবি উড়িয়ে দিয়েছেন রাঘব। তাঁর সাফ কথা, এই সিদ্ধান্ত ভয় থেকে নয়, বরং দলের ওপর চরম ‘হতাশা ও বিতৃষ্ণা’ থেকে নেওয়া। আগামী দিনে দ্বিগুণ উৎসাহ নিয়ে মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রভাব

রাঘবের এই দলবদলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটপাড়ায়। একদিকে অনুগামীরা শুভেচ্ছা জানালেও, অন্যদিকে বড়সড় ধাক্কা খেয়েছেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে প্রায় ২০ লক্ষ ফলোয়ার হারিয়েছেন এই তরুণ নেতা। পাশাপাশি, অতীতে বিজেপির সমালোচনা করা তাঁর পুরনো ভিডিওগুলোও নতুন করে ভাইরাল হতে শুরু করেছে, যা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে।

গত শুক্রবার রাঘব-সহ আপ-এর ৭ জন রাজ্যসভা সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন, যা অরবিন্দ কেজরিওয়ালের দলের কাছে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।