
দমদম: প্রথম দফার ভোটের ঠিক ২৪ ঘণ্টা আগে মহানগরের উপকণ্ঠে দাঁড়িয়ে কলকাতার হাল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার উত্তর দমদমের জনসভা থেকে তিনি অভিযোগ করেন, দীর্ঘ বাম শাসন এবং বর্তমানে তৃণমূলের রাজত্বে তিলোত্তমা এখন ‘বস্তির শহর’-এ পরিণত হয়েছে। শাহের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর বিতর্কের ঝড় উঠেছে।
কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?
দমদমের হেভিওয়েট প্রচার মঞ্চ থেকে শহরবাসীর আবেগ উসকে দিয়ে শাহ বলেন, “এই ভোট শুধু বিধায়ক বানানোর ভোট নয়, এটি কলকাতার হারানো গৌরব পুনরুদ্ধারের লড়াই।” এরপরই তিনি শাসকদলকে তীব্র আক্রমণ করে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন৷ শাহের অভিযোগ, দিদির রাজত্বে এবং আগের কমিউনিস্টদের আমলে গোটা শহরটা বস্তির শহর হয়ে রয়ে গিয়েছে। দেশের অন্যান্য শহর বস্তিমুক্ত হলেও, মুখ্যমন্ত্রী তার প্রয়োজন মনে করেন না।
চোপ দেগে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে এই বস্তিগুলিতেই অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন। সাধারণ মানুষ উন্নত জীবনযাপন করুক, তা তিনি চান না।
আগামী ৪ মে ফল ঘোষণার প্রসঙ্গ টেনে শাহ দাবি করেন, মমতার শাসনের ‘উল্টো গণনা’ শুরু হয়ে গিয়েছে। তিনি বলেন, “১টার মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে। তারপরই হবে দিদি টাটা, গুড বাই!”
বিতর্ক ও রাজনৈতিক প্রতিক্রিয়া Amit Shah Kolkata slum city remark
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ‘বস্তির শহর’ মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, শাহের এই মন্তব্য কলকাতার সংস্কৃতি এবং বস্তিতে বসবাসকারী সাধারণ মেহনতি মানুষের প্রতি চূড়ান্ত অবজ্ঞার শামিল।
প্রথম দফার ভোটের ঠিক আগে শাহের এই মেরুকরণ ও অনুপ্রবেশ ইস্যু শহরের ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, আগামী ৪ মে ইভিএম খুললেই তা স্পষ্ট হবে। আপাতত দমদমের সভা থেকে শাহ বুঝিয়ে দিলেন, কলকাতার পরিকাঠামো এবং জনবিন্যাসই হবে বিজেপির অন্যতম তুরুপের তাস।

