চুক্তি ভেঙেছেন লিওনেল মেসি। প্রীতি ম্যাচে খেলতে মাঠে নামেননি আর্জেন্টিনার অধিনায়ক। তাই জড়িয়ে পড়লেন আইনি জটিলতায়। শুধু মেসি নয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) বিরুদ্ধে কোটি টাকার মামলা হয়েছে।
প্রতারণা এবং চুক্তি ভঙ্গের অপরাধে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং সেদেশের অধিনায়ক লিওনেল মেসির বিরুদ্ধে অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। মায়ামি-ভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ভিড মিউজিক গ্রুপ এই মামলাটি করেছে।
গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা এবং পুয়ের্তো রিকোর বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচের আয়োজন ও প্রচারের জন্য আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রায় ৭ মিলিয়ন ডলার (প্রায় ৫৮ কোটি টাকা) মূল্যের একটি চুক্তি করেছিল ভিড মিউজিক গ্রুপ।
চুক্তির শর্ত অনুসারে, কোনো চোট না থাকলে মেসিকে প্রতিটি ম্যাচে মাঠে থাকতে হবে। গত ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে মেসি এক মিনিটের জন্যও মাঠে নামেননি, বরং তিনি ভিআইপি বক্সে বসে খেলা দেখেন। সমস্যার সৃষ্টি হয় পরের দিন। ভেনেজুয়েলা ম্যাচে না খেললেও তার পরের দিনই মেসি তার ক্লাব ইন্টার মায়ামির হয়ে এমএলএস (MLS) ম্যাচে মাঠে নামেন এবং দুটি গোল করেন।
আয়োজকদের মেসির চোট নিয়ে সন্দেহ হয়। তাদের দাবি, পরিকল্পিতভাবে চুক্তি ভঙ্গ করা হয়েছে। মেসির অনুপস্থিতির কারণে টিকিট বিক্রি এবং সম্প্রচার স্বত্ব থেকে আয়োজক কোম্পানির কয়েক মিলিয়ন ডলার লোকসান হয়েছে।




















