তামিলনাড়ু: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনমোহিনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি। মঙ্গলবার কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা ইস্তেহার প্রকাশ করেন। এই ইস্তেহারে একাধিক জনকল্যাণমূলক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে মহিলাদের জন্য মাসিক ভাতা, বিনামূল্যে পরিষেবা এবং প্রশাসনিক সংস্কারের একগুচ্ছ পরিকল্পনা। একই সঙ্গে রাজ্যের শাসক দল DMK-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কড়া রাজনৈতিক আক্রমণও শানিয়েছে গেরুয়া শিবির।
ইস্তেহারে বলা হয়েছে, তামিলনাড়ুতে ক্ষমতায় এলে বিজেপি প্রতি পরিবারের কর্ত্রীকে মাসে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে। এই প্রকল্পের লক্ষ্য নারীদের আর্থিকভাবে স্বনির্ভর করা এবং পারিবারিক অর্থনীতিকে শক্তিশালী করা। পাশাপাশি প্রতিটি পরিবারকে এককালীন ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে, যা নির্বাচনী ইস্তেহারের অন্যতম আকর্ষণীয় ঘোষণা হিসেবে উঠে এসেছে।
এর পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ব্যয় কমানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইস্তেহারে। রান্নার গ্যাসের খরচ কমাতে বছরে তিনটি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। উল্লেখযোগ্যভাবে, এই সিলিন্ডারগুলি রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ উৎসবের সঙ্গে যুক্ত করে বিতরণের পরিকল্পনা করা হয়েছে। পঙ্গল, দিওয়ালি এবং তামিল নববর্ষের দিন এই সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই পদক্ষেপকে উৎসবের আনন্দের সঙ্গে জনকল্যাণকে যুক্ত করার উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করছে দলীয় নেতৃত্ব।
ইস্তেহারে আরও বলা হয়েছে, রাজ্যের প্রশাসনিক কাঠামোয় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে একাধিক সংস্কার আনা হবে। সরকারি প্রকল্পগুলির বাস্তবায়নে দ্রুততা আনার পাশাপাশি দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ডিজিটাল পরিষেবা সম্প্রসারণ এবং সরকারি কাজকর্মে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। BJP নেতৃত্বের দাবি, এই ইস্তেহার শুধুমাত্র প্রতিশ্রুতির তালিকা নয়, বরং তামিলনাড়ুর উন্নয়নের একটি রোডম্যাপ। কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, রাজ্যের প্রতিটি পরিবারকে আর্থিক নিরাপত্তা দেওয়া এবং মহিলাদের ক্ষমতায়ন করা এই ইস্তেহারের মূল লক্ষ্য। তাঁর মতে, দীর্ঘদিন ধরে রাজ্যের মানুষ যে পরিবর্তনের অপেক্ষায় আছেন, এই কর্মসূচি সেই পরিবর্তনের দিকেই ইঙ্গিত করে।।




















