কলকাতা: সুপার কাপের হতাশা কাটিয়ে এবারের ইন্ডিয়ান সুপার লিগে ভালো পারফরম্যান্স করতে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal)। সেইমতো যথেষ্ট দাপটের সাথেই এবারের এই প্রথম ডিভিশন লিগ শুরু করেছিল ময়দানের এই প্রধান। টানা দুই ম্যাচে এসেছিল জয়। মাঝে এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলে ও সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল। সপ্তাহ কয়েক আগে পড়শী তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে বিরাট বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে সাউল ক্রেসপো’রা। সেই ধারাবাহিকতা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য দলের সকল ফুটবলারদের।
আগামী ১১ই এপ্রিল টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ খেলতে নামবে অস্কার ব্রুজোর ছেলেরা। এটাই লাল-হলুদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। এই ম্যাচ থেকে ও তিন পয়েন্ট নিশ্চিত করতে চাইবেন সৌভিক চক্রবর্তীরা। বলাবাহুল্য, এবারের আইএসএলে এখনও খুব একটা ছন্দে নেই চেন্নাইয়িন। তবুও প্রতিপক্ষ দলকে নিয়ে যথেষ্ট সাবধানী এই স্প্যানিশ কোচ। ম্যাচের সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, ‘ চেন্নাইয়িন এফসি এখনও নিজেদের সেরা ছন্দে আসতে পারেনি। কিন্তু তবুও ওরা যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। তারা এই ট্রফি জিতেছে। এছাড়াও গত কয়েক সিজনে চ্যাম্পিয়নশিপের দৌড়ে থেকেছে।’
আরও বলেন, ‘ চেন্নাইয়িন এফসিতে ড্যানিয়েল চিমা চুকু থেকে শুরু করে এলসিনহোর মতো ফুটবলাররা আছে। এছাড়াও ভারতীয় ব্রিগেড ও যথেষ্ট শক্তিশালী। এই ফুটবলারদের অনেকেই গত কয়েক সিজনে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করেছে।’ অর্থাৎ চেন্নাইয়িন এফসির বর্তমান পারফরম্যান্স ভালো না থাকলেও তাঁদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কোচ।



















