কলকাতা: সারদা মামলায় নতুন মোড় এসেছে। দীর্ঘদিন বিচারাধীন থাকার পর অবশেষে সারদা কর্তা সুদীপ্ত সেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে জামিন পেলেন। বুধবার এই মামলায় জামিন মঞ্জুর করা হয়। ইতিপূর্বে সুদীপ্ত সেন অন্য সমস্ত মামলায় জামিন পেয়েছিলেন। এই মামলায় জামিন পাওয়ার ফলে তিনি শীঘ্রই জেলমুক্ত হতে পারেন। প্রশাসনিক সূত্রে জানা যায়, সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই সুদীপ্ত সেন জেলমুক্ত হবেন।
সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর হওয়ার খবর মিলতেই রাজনৈতিক এবং বিচারিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। তবে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) স্পষ্ট করেছেন যে, সুদীপ্ত সেনের জামিন কোনও রাজনৈতিক বিষয় নয়। তিনি বলেন, “এখানে অন্য কোনও মন্তব্য করার অবকাশও নেই। এটা সম্পূর্ণ আইনের বিষয়। রাজনীতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।”
কুণাল ঘোষ (Kunal Ghosh) আরও জানান, “আইনের অধীনে কোনও অভিযুক্ত বা বন্দির পূর্ণ অধিকার রয়েছে আদালতের কাছে জামিন প্রার্থনা করার। সমস্ত শুনানির পর আদালত সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর করেছে। সম্পূর্ণ এটা আইনি বিষয়।” তাঁর মতে, এ বিষয়ে রাজনৈতিক মন্তব্যের প্রয়োজন নেই, এবং বিচারিক প্রক্রিয়াই এখানে মূল বিষয়।




















