দক্ষিণ দিনাজপুর: ভোটের আগে রাজ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে৷ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে জনসভা থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ১৫ দিন থাকার ঘোষণাকে ঘিরে তিনি বলেন, “১৫ দিন নয়, সাহস থাকলে ৩৬৫ দিন থাকুন বাংলায়৷”
সম্প্রতি ভবানীপুরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার সময় অমিত শাহ জানিয়েছিলেন, তিনি ভোটের আগে রাজ্যে থেকে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াবেন৷ সেই বক্তব্যের জবাবেই মমতার এই চ্যালেঞ্জ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন, বিজেপির শীর্ষ নেতৃত্ব শুধুমাত্র নির্বাচনের সময় বাংলায় সক্রিয় হয়৷ তাঁর বক্তব্যে, “ভোট এলেই তাঁরা আসেন, কিন্তু সাধারণ মানুষের পাশে থাকেন না৷”
এদিনের সভায় আরও একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ করেন তৃণমূল নেত্রী৷ তাঁর দাবি, বিজেপি বাংলার কিছু অংশ ভেঙে নতুন রাজ্য তৈরির পরিকল্পনা করছে৷ যদিও এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবুও এই মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে৷
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতার বক্তব্যে আত্মবিশ্বাসের সুর স্পষ্ট৷ তিনি বলেন, “বাংলার মানুষ সব বুঝে গিয়েছে৷ বিভাজনের রাজনীতি এখানে চলবে না৷ ২০২৬ সালে বিজেপিকে হারানো হবে৷” অন্যদিকে, বিজেপিও বাংলায় নিজেদের অবস্থান মজবুত করতে তৎপর৷




















