কলকাতা: ফের কলকাতার স্বাস্থ্য পরিষেবার নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন৷ প্রকাশ্যে এল নীল রতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (NRS) সিসিইউতে ঘটে যাওয়া ছাদ ধসের ঘটনা৷ অল্পের জন্য প্রাণহানি এড়ানো গেলেও এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগী ও তাঁদের পরিবারের মধ্যে৷
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সিসিইউটি ১৫ শয্যার৷ দুর্ঘটনার সময় সেখানে ১২ জন রোগী ভর্তি ছিলেন৷ আচমকা ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে৷ তবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় দ্রুত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়৷ বর্তমানে তাঁদের এইচডিইউতে রাখা হয়েছে৷ সেখানেই স্বাভাবিকভাবে চিকিৎসা চলছে৷
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সিসিইউ ভবনের অবস্থা আগেই খারাপ হয়ে পড়েছিল৷ ছাদে একাধিক ফাটল ছিল এবং দেওয়াল ও পিলারেও ক্ষয়ের চিহ্ন দেখা গিয়েছিল৷ গত ১ এপ্রিল এই সমস্যার কথা প্রথম জানা যায় এবং বিষয়টি পূর্ত দফতরকে জানানো হয়৷ তারা এসে পরিস্থিতি পর্যালোচনা করে ছাদ পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছিল৷ কিন্তু তার আগেই ঘটে যায় এই দুর্ঘটনা৷
ঘটনার পর সিসিইউতে নতুন করে রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই ইউনিট চালু করা হবে না৷ পূর্ত দফতর ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই ঘটনার পর শহরের অন্যান্য সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠছে৷
রোগীর পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া হাসপাতাল ভবনগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি৷ তা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে৷ এখন রোগী ও তাঁদের পরিবারের একটাই দাবি দ্রুত সংস্কার কাজ শেষ করে নিরাপদ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করুক প্রশাসন৷




















