কলকাতা: ইডেন গার্ডেন্সের বাইশ গজ নিয়ে বরাবরই কৌতূহল থাকে। কিন্তু এ বার যেন সেই কৌতূহল আরও বেড়েছে। কারণ, কলকাতা নাইট রাইডার্সের(IPL 2026) দলে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং অনুকূল রায়—এই তিন স্পিনারের শক্তিশালী উপস্থিতি থাকলেও, ইডেনের পিচে স্পিনের চেয়ে পেসারদের জন্যই যেন বাড়তি সুবিধা রাখা হয়েছে।
সবুজ ঘাসে মোড়া এই উইকেট যেন সরাসরি ফাস্ট বোলারদের আমন্ত্রণ জানাচ্ছে। ইডেন পিচ কিউরেটর সুজন মুখার্জী এ বিষয়ে জানান ” “প্রথম কয়েক ওভারে পেসাররা সাহায্য পাবে, কিন্তু পরে স্পিনাররাও খেলায় ফিরবে। ইডেনের ঐতিহ্যই হল ব্যালান্সড পিচ দেওয়া, যাতে সব বিভাগই ভূমিকা নিতে পারে।” আবহাওয়া ও আর্দ্রতার কথাও মাথায় রাখা হয়েছে বলে জানান তিনি। তাঁর মতে, দর্শকরা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই দেখতে পাবেন। এই পরিস্থিতিতে কেকেআরের পরিকল্পনায় বড়সড় ধাক্কা হতে পারে ক্যামেরন গ্রিনকে ঘিরে। প্রায় ২৫ কোটির এই অজি অলরাউন্ডারকে নিয়ে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া।
কিন্তু অনুশীলনে দেখা গেল, তিনি পুরোপুরি বোলিং করতে পারছেন না। রানিং, ফিটনেস ট্রেনিং এবং ব্যাটিংয়ে বেশ স্বচ্ছন্দ থাকলেও, হাতে বল তুলে নেওয়ার পর কয়েকটি ডেলিভারির বেশি এগোতে পারেননি। ফলে তাঁর বোলিং নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এই অবস্থায় বৃহস্পতিবারের প্রথম হোম ম্যাচে কেকেআর টিম ম্যানেজমেন্টের সামনে কঠিন সিদ্ধান্ত। দলে ইতিমধ্যেই নিশ্চিত ফিন অ্যালেন এবং সুনীল নারিন। ফলে যদি ক্যারিবিয়ান অলরাউন্ডার রোভমান পাওয়েলকে দলে নেওয়া হয়, তা হলে বসতে হবে গ্রিন বা ব্লেসিং মুজ়ারাবানি—এই দু’জনের মধ্যে একজনকে।
অনুশীলনে রোভমান পাওয়েলের উপর বিশেষ নজর ছিল টিম ম্যানেজমেন্টের। শুধু ব্যাটিং নয়, বল হাতেও তাঁকে দীর্ঘ সময় অনুশীলন করতে দেখা গেছে। তাতে জল্পনা আরও জোরদার হয়েছে—সবুজ পিচে অতিরিক্ত পেস বিকল্প হিসেবে কি তাঁকেই ভাবছে কেকেআর?
গ্রিনের পরিস্থিতি নিয়ে দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে সরাসরি কিছু না বললেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তাঁর কথায়, গ্রিনের শারীরিক অবস্থার ব্যাপারে শেষ কথা বলতে পারবে ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্যদিকে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড স্পষ্ট জানিয়েছেন, গ্রিনকে নিয়ে প্রত্যাশা যেমন বেশি, তেমনই তাঁকে ফিট রাখার জন্য সতর্কতাও জরুরি। ভবিষ্যতের কথা ভেবে তাঁকে ধীরে ধীরে প্রস্তুত করাই বুদ্ধিমানের কাজ। এতেই পরিষ্কার, আইপিএলে খেললেও গ্রিনের উপর নজর রাখছে অস্ট্রেলিয়া শিবির। বিশেষ করে টেস্ট দলের জন্য তাঁকে প্রস্তুত রাখা তাদের অগ্রাধিকার। ফলে কেকেআর কতটা ঝুঁকি নেবে, সেটাই এখন দেখার।
এদিকে প্রতিপক্ষ শিবিরেও কম চর্চা নেই। সানরাইজার্স হায়দরাবাদে প্যাট কামিন্সকে ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। শুরুতে জানানো হয়েছিল, ফিটনেস সমস্যার কারণে তিনি কয়েকটি ম্যাচে খেলবেন না। নেতৃত্ব দিচ্ছেন ঈশান কিষান। কিন্তু হঠাৎ করেই ইডেনে অনুশীলনে দেখা গেল কামিন্সকে পুরোদমে বোলিং করতে। সন্ধ্যায় তাঁর ফিটনেস পরীক্ষা হয়, এবং তার পর প্রায় আধঘণ্টা নেটে জোর কদমে বোলিং করেন তিনি। তাহলে কি তিনি হায়দ্রাবাদের প্রথম একাদশে ফিরতে চলেছেন ? সব প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ২রা এপ্রিল সন্ধ্যে সাতটা পর্যন্ত ।




















