মেইল না হারিয়েই বদলানো যাবে জিমেইল আইডি! কীভাবে করবেন? জানুন

কৈশোরে বা অনেক বছর আগে শখের বশে তৈরি করা অদ্ভুত নামের জিমেইল (Gmail) আইডি নিয়ে কি আপনিও অস্বস্তিতে ভোগেন? এতদিন সেই ইমেইল অ্যাড্রেস বদলানোর একটাই উপায় ছিল পুরনো ...

By Moumita Biswas

Published:

Follow Us
Gmail Address Change Feature

কৈশোরে বা অনেক বছর আগে শখের বশে তৈরি করা অদ্ভুত নামের জিমেইল (Gmail) আইডি নিয়ে কি আপনিও অস্বস্তিতে ভোগেন? এতদিন সেই ইমেইল অ্যাড্রেস বদলানোর একটাই উপায় ছিল পুরনো অ্যাকাউন্টটি বাতিল করে সম্পূর্ণ নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করা। কিন্তু এবার সেই ঝক্কি থেকে পাকাপাকিভাবে মুক্তি দিতে চলেছে গুগল (Google)। ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবি মেনে, এবার একই অ্যাকাউন্ট অক্ষত রেখে জিমেইল অ্যাড্রেস পরিবর্তন করার যুগান্তকারী ফিচার নিয়ে এল এই টেক জায়ান্ট। পাশাপাশি, ইনবক্সের খোলনলচে বদলাতে যুক্ত হচ্ছে জেমিনি (Gemini) চালিত অত্যাধুনিক ‘এআই ইনবক্স’।

কী জানালেন সুন্দর পিচাই?

গত বছরের শেষ দিক থেকেই গুগলের এই নতুন ফিচার নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা চলছিল। এবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে খোদ গুগল সিইও সুন্দর পিচাই এই আপডেটের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, “২০০৪ সালটা দারুণ ছিল ঠিকই, কিন্তু আপনার জিমেইল অ্যাড্রেসটিকে সেই সময়েই আটকে রাখার কোনও প্রয়োজন নেই।” মজার ছলে তিনি আরও বলেন, পুরনো ও অদ্ভুত নামের আইডিগুলোকে এবার বিদায় জানিয়ে নিজের পছন্দমতো নতুন নাম বেছে নেওয়ার সময় এসেছে।

   

কীভাবে বদলাবেন জিমেইল অ্যাড্রেস?

পদ্ধতিটি অত্যন্ত সহজ। পুরনো অ্যাকাউন্টের সমস্ত ডেটা অক্ষত রেখেই নতুন ইমেইল আইডি পেতে ব্যবহারকারীদের সরাসরি ‘গুগল অ্যাকাউন্ট সেটিংস’ (Google Account settings)-এ যেতে হবে। সেখানে গিয়ে নিজের পছন্দমতো এবং উপলব্ধ (available) যে কোনও নতুন ঠিকানা অনায়াসে বেছে নেওয়া যাবে। তবে সংস্থা জানিয়েছে, এই ফিচারটি আপাতত নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে, যা খুব শিগগিরই সকলের জন্য উপলব্ধ হবে।

পুরনো ইমেইল আইডির কী হবে?

অনেকের মনেই সঙ্গত কারণে প্রশ্ন জাগতে পারে, নতুন আইডি তৈরি করলে পুরনো ঠিকানায় আসা জরুরি মেইলগুলির কী হবে? গুগল আশ্বস্ত করেছে যে, নতুন আইডি চালু হওয়ার পরেও পুরনো অ্যাড্রেসটি আপনার মূল অ্যাকাউন্টের সঙ্গেই লিঙ্ক করা থাকবে। অর্থাৎ, অন্য কেউ কোনওভাবেই সেই পুরনো আইডির দখল নিতে পারবে না। এবং যাঁরা আপনার নতুন ঠিকানা জানেন না, তাঁরা পুরনো ঠিকানায় মেইল পাঠালেও তা নিরবচ্ছিন্নভাবে আপনার বর্তমান ইনবক্সেই এসে পৌঁছবে।

জিমেইলে আসছে ‘এআই ইনবক্স’

অ্যাড্রেস বদলানোর এই যুগান্তকারী সুযোগের পাশাপাশি, ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে গুগল নিয়ে আসছে “এআই ইনবক্স”। গুগলের নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ‘জেমিনি’-র সাহায্যে ইনবক্সের অপ্রয়োজনীয় মেইলের ভিড় (Clutter) কমানোই এর মূল লক্ষ্য। এই এআই ইনবক্সে বেশ কিছু চমকপ্রদ ফিচার থাকছে:

সাজেস্টেড টু-ডু : বিদ্যুৎ বা ফোনের বিল পেমেন্টের মতো অত্যন্ত জরুরি মেইলগুলিকে অগ্রাধিকার দিয়ে জেমিনি তা ব্যবহারকারীর চোখের সামনে তুলে ধরবে। মেইলের ডেডলাইন বা শেষ তারিখ বোল্ড (Bold) হরফে লেখা থাকবে, যাতে ব্যস্ততার মাঝেও তা নজর না এড়ায়।

টপিকস টু ক্যাচ আপ অন: ফ্লাইট বা ট্রেনের টিকিট, হোটেল বুকিং বা রেস্তোরাঁর রিজার্ভেশন সংক্রান্ত সমস্ত আপডেট এই সেকশনে একসঙ্গে গুছিয়ে রাখা থাকবে।

আপাতত আমেরিকার কিছু নির্দিষ্ট ব্যবহারকারী এই ‘এআই ইনবক্স’ ব্যবহারের সুযোগ পাচ্ছেন। উল্লেখ্য, জিমেইলে আসা বড় ও দীর্ঘ মেইল পড়ে তার নিখুঁত সারাংশ বা সামারি তৈরি করার কাজ ইতিমধ্যেই জেমিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে করে চলেছে।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google