নয়াদিল্লি: বাংলায় হুমায়ুন কবির। অসমের নির্বাচনে অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক ফ্রন্টের সঙ্গে হাত মেলালেন ওআইসি (Owaisi)। দিল্লিতে নিজের বাসভবনে বসে সংবাদ মাধ্যমের সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। অসমের আসন্ন বিধানসভা নির্বাচনে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (AIUDF)-কে সমর্থন জানাবে তাঁর দল AIMIM। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এআইইউডিএফ প্রধান মাওলানা বদরুদ্দিন আজমলের অনুরোধে এমনটাই জানা গিয়েছে।
ওয়াইসি বলেছেন, “বদরুদ্দিন আজমল সাহেবের অনুরোধে আমরা এআইইউডিএফ-কে সমর্থন করব।”এই ঘোষণার পেছনে রয়েছে একটি ব্যক্তিগত বৈঠক। ওয়াইসি জানিয়েছেন, আজমলের ছেলে এবং প্রাক্তন বিধায়ক আব্দুল রহমান আজমল আজ দিল্লিতে তাঁর বাসভবনে দেখা করতে এসেছিলেন। সেখানে দুজনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। পরে ওয়াইসি বদরুদ্দিন আজমলের সঙ্গেও ফোনে কথা বলেন। তিনি আরও জানান, আগামী ২ এবং ৩ এপ্রিল তিনি গুয়াহাটিতে থাকবেন।
আরও দেখুনঃ রাজস্থানের সঙ্গে ড্র, বিক্রমজিৎকে ধন্যবাদ ডায়মন্ড হারবারের
সেখানে এআইইউডিএফ প্রার্থীদের সমর্থনে একাধিক জনসভায় ভাষণ দেবেন।অসমে ২০২৬ সালের এপ্রিল মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ১২৬টি আসনের এই নির্বাচনে রাজনৈতিক সমীকরণ নতুন করে সাজানোর চেষ্টা চলছে। এআইইউডিএফ দীর্ঘদিন ধরে আসামের সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশের মধ্যে প্রভাব বিস্তার করে রেখেছে। কিন্তু গত কয়েকটি নির্বাচনে তাদের আসন সংখ্যা কমেছে।
অন্যদিকে এআইএমআইএম হায়দরাবাদ কেন্দ্রিক দল হলেও দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু ভোটের রাজনীতিতে সক্রিয়। ওয়াইসির এই সমর্থন এআইইউডিএফ-কে নতুন শক্তি যোগাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘোষণা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। কংগ্রেস দলের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে।
কারণ অসমে সংখ্যালঘু ভোটের একটি বড় অংশ ঐতিহ্যগতভাবে কংগ্রেসের দিকে ঝুঁকে থাকে। যদি এআইইউডিএফ ও এআইএমআইএম একসঙ্গে কাজ করে, তাহলে সেই ভোট ভাগ হয়ে যেতে পারে। বিজেপি শাসিত অসম সরকারের বিরুদ্ধে বিরোধী ঐক্য গড়ে তোলার চেষ্টায় এই ধরনের জোট নতুন মাত্রা যোগ করতে পারে। তবে এখনও পর্যন্ত এটি পূর্ণাঙ্গ নির্বাচনী জোট কি না, তা স্পষ্ট নয়। ওয়াইসি শুধু সমর্থন ও প্রচারের কথা বলেছেন।




















