কলকাতা: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বড়সড় বিঘ্নের মুখে পড়ল মুখ্যমন্ত্রীর বিমান৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বিমান বৃহস্পতিবার বিকেলে নির্ধারিত সময়ে কলকাতায় নামতে না পেরে প্রায় এক ঘণ্টা আকাশে চক্কর কাটে৷ পরে পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপদে অবতরণ করে বিমানটি৷
বীরভূম ও পান্ডবেশ্বরে কর্মসূচি শেষ করে অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী৷ বিকেল ৪টা ১০ মিনিট নাগাদ নেতাজী সুভাষ বিমানবন্দরে নামার কথা থাকলেও, দমদমে হঠাৎ আবহাওয়ার অবনতি ঘটে৷ বিকেলের দিকে উত্তর ২৪ পরগনা ও আশপাশের এলাকায় শুরু হয় প্রবল ঝড়ো হাওয়া, বজ্রপাত এবং ভারী বৃষ্টি৷ ফলে বিমান অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং পাইলট সেটিকে আকাশে ঘোরাতে বাধ্য হন৷
রাডার সূত্রে জানা যায়, বিমানটি নদিয়ার রানাঘাট, কৈখালি, সোনারপুর ও ডায়মন্ড হারবারের উপর দিয়ে চক্কর কাটছিল৷ প্রায় এক ঘণ্টা ধরে এই পরিস্থিতি চলতে থাকে৷ ঝড়ের তীব্রতায় বিমানবন্দরের আশপাশেও প্রভাব পড়ে এবং কিছু অস্থায়ী কাঠামো ক্ষতিগ্রস্ত হয় বলে খবর৷ অবশেষে আবহাওয়া কিছুটা অনুকূল হলে বিমানটি নিরাপদে অবতরণ করে৷ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী সম্পূর্ণ নিরাপদ রয়েছেন এবং সতর্কতার জন্যই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে৷




















