বেঙ্গালুরু: গত আইএসএল ফাইনালের হতাশা ভুলে এবার দুর্দান্ত শুরু করেছে বেঙ্গালুরু এফসি (BengaluruFC)। সুপার কাপের পর তৎকালীন কোচ জেরার্ড জারাগোজা দলের দায়িত্ব থেকে সরে আসলে ভারতীয় কোচ রেনেডি সিংয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল সিনিয়র দলের দায়িত্ব। সেক্ষেত্রে এখনও পর্যন্ত খুব একটা খারাপ পারফরম্যান্স থাকেনি। প্রথম ম্যাচে স্পোটিং ক্লাব দিল্লির বিরুদ্ধে সহজেই এসেছিল জয়। তারপর দ্বিতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইলেও আটকে যেতে হয়েছিল পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের কাছে। তৃতীয় ম্যাচে দল পাঞ্জাব এফসির কাছে ধাক্কা খেলে ও ঘুরে দাঁড়িয়েছিল সহজেই।
চতুর্থ ম্যাচে কিশোর ভারতী স্টেডিয়ামের বুকে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে এসেছিল জয়। আশিক কুরুনিয়ান ও রায়ান উইলিয়ামসদের দাপটে তিন পয়েন্ট নিশ্চিত করেই শহরে ফিরেছিল বেঙ্গালুরু দল। তারপর কান্তিরাভার বুকে অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল গতবারের বিজয়ী দল তথা মোহনবাগান সুপার জায়ান্টকে। এরপর কিশোর ভারতীতে ফিরে সহজ জয় আসে ইন্টার কাশীর বিরুদ্ধে। ন্যাশনাল উইন্ডোর পর আগামী ৪ঠা এপ্রিল তাঁদের পরবর্তী ম্যাচ। যেখানে প্রতিপক্ষ আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশী।
এখন এই ম্যাচের দিকে নজর রয়েছে প্রত্যেকের। তবে এসবের মাঝেই বেঙ্গালুরু এফসির নতুন কোচ ঘোষণার কথা উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। যার মধ্যে বারংবার শোনা যাচ্ছিল পেপ মুনোজের নাম। পূর্বে চীনের ফুটবল ক্লাব শেনঝেন পেং সিটির সঙ্গে যুক্ত ছিলেন এই স্প্যানিশ কোচ। আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা স্পষ্ট করে দিল কর্নাটকের এই আইএসএল জয়ীরা।




















