‘তাতেরি’ বিতর্কের মাঝেই পাঞ্জাবি সুন্দরী ইশার গলায় মালা দিলেন বাদশা

মুম্বই: একদিকে হরিয়ানভি লোকসংগীত ‘তাতেরি’র সুর চুরি নিয়ে আইনি জট ও বির্তক, আর অন্যদিকে জীবনের নতুন ইনিংস। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘদিনের প্রেমিকা, পাঞ্জাবি মডেল তথা অভিনেত্রী ...

By Moumita Biswas

Published:

Follow Us

মুম্বই: একদিকে হরিয়ানভি লোকসংগীত ‘তাতেরি’র সুর চুরি নিয়ে আইনি জট ও বির্তক, আর অন্যদিকে জীবনের নতুন ইনিংস। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘদিনের প্রেমিকা, পাঞ্জাবি মডেল তথা অভিনেত্রী ইশা রিখির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের ‘র‍্যাপ স্টার’ বাদশা। যদিও নবদম্পতি নিজেরা এখনই মুখ খোলেননি, তবে ইশার মা পুনম রিখির সমাজমাধ্যমের পোস্টেই সিলমোহর পড়ল এই হাই-প্রোফাইল বিয়েতে।

ঘরোয়া অনুষ্ঠানে চার হাত এক

বিয়ের ভাইরাল ছবিতে বাদশাকে দেখা গিয়েছে ট্র্যাডিশনাল বাদামী রঙের কুর্তা এবং সোনালি রঙের সাফা বা পাগড়িতে। অন্যদিকে, সাবেকি লাল সালোয়ার স্যুট আর সোনালি কলিরায় সেজেছিলেন কনে ইশা। দু’জনের গলাতেই ছিল রজনীগন্ধার মালা। পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে একেবারে ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই সম্পন্ন হয়েছে এই বিয়ে।

   

চার বছরের প্রেম পেল পরিণয় Badshah Isha Rikhi wedding

বলিউড ও পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত কয়েক বছর ধরেই বাদশা-ইশার সম্পর্কের গুঞ্জন ছিল। জানা গিয়েছে, প্রায় চার বছর আগে এক বন্ধুর মারফত একটি পার্টিতে তাঁদের আলাপ হয়। সেই বন্ধুত্বই ক্রমে গভীর প্রেমে পরিণত হয়। উল্লেখ্য, ২০১৩ সালে ‘জাট বয়েজ় পুত জাটান দে’ ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন ইশা। ২০১৮ সালে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘নবাবজ়াদে’ ছবিতেও কাজ করেছেন তিনি।

এটি বাদশার দ্বিতীয় বিয়ে

এটি বাদশার জীবনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসা। এর আগে জেসমিন মাসিহ-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে, জেসেমি গ্রেস মাসিহ সিং। তবে মতপার্থক্যের জেরে ২০২০ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বাদশা এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মেয়ের সুস্থ ভবিষ্যতের কথা চিন্তা করেই তাঁরা আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্তমানে তাঁর কন্যা লন্ডনে থাকে।

‘তাতেরি’ গান নিয়ে বিতর্কে যখন বাদশা বিধ্বস্ত, ঠিক তখনই ইশার সঙ্গে তাঁর এই নতুন জীবনের শুরু অনুগামীদের কাছে এক বড় চমক। বিতর্ক সরিয়ে বাদশা এখন জীবনের নতুন ছন্দে ফিরতে পারেন কি না, সেটাই দেখার।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google