ডিজিটাল পেমেন্টে নয়া নিয়ম, ১ এপ্রিল থেকে দ্বিগুণ নিরাপত্তা বাধ্যতামূলক

নয়াদিল্লি: দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় কড়াকড়ি আনল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া৷ আগামী ১ এপ্রিল থেকে সমস্ত অনলাইন পেমেন্টে টু ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়েছে৷ এর ফলে শুধুমাত্র পিন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
UPI

নয়াদিল্লি: দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় কড়াকড়ি আনল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া৷ আগামী ১ এপ্রিল থেকে সমস্ত অনলাইন পেমেন্টে টু ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়েছে৷ এর ফলে শুধুমাত্র পিন ব্যবহার করে আর কোনও লেনদেন করা যাবে না৷

নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি ডিজিটাল ট্রানজাকশনে দুটি স্তরের যাচাইকরণ থাকা বাধ্যতামূলক৷ এর মধ্যে একটি অবশ্যই ডায়নামিক হতে হবে, যেমন ওটিপি, যা প্রতিবার নতুন করে তৈরি হবে৷ অর্থাৎ, ব্যবহারকারীদের প্রতিটি লেনদেনের সময় অতিরিক্ত নিরাপত্তা ধাপ পার করতে হবে৷

   

এই ব্যবস্থায় পাসওয়ার্ড বা পিনের পাশাপাশি ওটিপি, হার্ডওয়্যার টোকেন, সফটওয়্যার টোকেন এবং ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রেকগনিশনের মতো বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা যাবে৷ ব্যাঙ্ক ও ফিনটেক সংস্থাগুলিকে গ্রাহকদের একাধিক বিকল্প দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো পদ্ধতি বেছে নিতে পারেন৷

দেশে গত কয়েক বছরে ডিজিটাল পেমেন্টের ব্যবহার দ্রুত বেড়েছে৷ ইউপিআই, মোবাইল ওয়ালেট ও অনলাইন ব্যাঙ্কিং এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ৷ তবে এর পাশাপাশি বেড়েছে সাইবার প্রতারণা, ফিশিং এবং ভুয়ো লিঙ্কের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা৷ এই পরিস্থিতিতে লেনদেনের নিরাপত্তা বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক৷

তবে এই নতুন নিয়ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ অনেকেই মনে করছেন, অতিরিক্ত যাচাইকরণ ধাপের কারণে লেনদেনের প্রক্রিয়া আরও দীর্ঘ ও জটিল হয়ে যাবে৷ বিশেষ করে প্রবীণ নাগরিক ও কম প্রযুক্তি জ্ঞানসম্পন্ন ব্যবহারকারীদের জন্য এটি সমস্যার কারণ হতে পারে৷

ডিজিটাল ব্যবস্থাকে সহজ করার পরিবর্তে নতুন নিয়ম সাধারণ মানুষের উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলেও মত অনেকের৷ একই সঙ্গে, দ্রুত ও সহজ লেনদেনের যে সুবিধা ডিজিটাল পেমেন্টের মূল আকর্ষণ ছিল, তা কিছুটা কমে যেতে পারে বলেও আশঙ্কা৷ আরও জানা গিয়েছে, বিদেশে লেনদেনের ক্ষেত্রেও আগামী ১ অক্টোবরের মধ্যে এই টু ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা হবে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google