তিমিরকান্তি পতি: বাঁকুড়া: আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে বাঁকুড়া জেলা পুলিশের (Bankura) তৎপরতা শুরু হয়ে গিয়েছে৷ নির্বাচন কমিশম নিযুক্ত নয়া জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য রবিবার থেকে প্রতিটি থানা পরিদর্শনের কাজ শুরু করেন। প্রথম দিনেই তিনি বাঁকুড়া সদর থানায় পৌঁছে স্থানীয় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশ মেনে জেলার প্রতিটি থানায় পরিদর্শন শুরু হয়েছে। আমাদের একমাত্র লক্ষ্য, কোনও হিংসা বা অশান্তি ছাড়াই যাতে প্রত্যেক ভোটার নির্ভয়ে নিজের ভোট দিতে পারেন।”
স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণের কাজ অনেকটা এগিয়েছে
পুলিশ সুপার জানান, জেলায় স্পর্শকাতর (sensitive) ও অতি-স্পর্শকাতর (hyper-sensitive) বুথ চিহ্নিতকরণের কাজ প্রায় শেষের দিকে। খুব শীঘ্রই এই বুথগুলির সংখ্যা ও বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি নিয়ম মেনে চলছে এবং প্রতিটি বুথে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
বাঁকুড়ার রাজনৈতিক পরিস্থিতি ও পুলিশের চ্যালেঞ্জ
বাঁকুড়া জেলায় গত কয়েকটি নির্বাচনে কিছু এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে। বিশেষ করে পাহাড়ি ও গ্রামীণ এলাকায় স্পর্শকাতর বুথের সংখ্যা বেশি। পুলিশ সুপারের এই থানা-পরিদর্শনকে অনেকে নির্বাচনী প্রস্তুতির শক্তিশালী শুরু বলে মনে করছেন। তিনি স্পষ্ট করে বলেন, “কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব নয়, শুধু নিরপেক্ষতা ও শান্তি বজায় রাখাই আমাদের কাজ।”
পরবর্তী পরিকল্পনা
পুলিশ সুপার জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে জেলার অন্যান্য থানা বিষ্ণুপুর, কোতুলপুর, সোনামুখী, ইন্দাস, ওন্দা, বাঁকুড়া সদর গ্রামীণ, বারজোড়া, মেজিয়া, রাইপুর, সারেঙ্গা, পরিদর্শন করবেন। প্রতিটি থানায় স্থানীয় পুলিশ, ব্লক অফিসার এবং নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বুথ-ভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হবে। বাঁকুড়ার সাধারণ মানুষ এখন অপেক্ষায়, যাতে এবারের নির্বাচন সত্যিই শান্তিপূর্ণ ও অবাধ হয়। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে অনেকে ইতিবাচক বলে মনে করছেন।




















