কলকাতা: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে (RG Kar Hospital) লিফটে আটকে যুবকের মৃত্যুর ঘটনায় সামনে এল এক তথ্য। ইতিমধ্যেই তাঁর প্রাথমিক ময়নাতদন্ত হয় জানা যাচ্ছে, ওই যুবকের হৃদপিন্ড, ফুসফুস ফেটে গিয়েছিল। ভেঙে গিয়েছিল শরীরের একাধিক জায়গার হাড়।
প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট সামনে না এলেও সূত্রের দাবি, অরূপ বন্দ্যোপাধ্যায় নামে বছর চল্লিশের ওই যুব কের পলি ট্রমায় মৃত্যু হয়েছে। হৃদপিন্ড, ফুসফুস, প্লীহা, অন্ত্র ফেটে গিয়েছিল তাঁর। ভেঙে গিয়েছিল শরীরের একাধিক গুরুত্বপূর্ণ হাড়। তার জেরে রক্তক্ষরণ শুরু হয়েছিল।
ঘটনার পুনরাবৃত্তি , চার বছরের শিশুপুত্রের চিকিৎসা করানোর জন্য আরজি কর হাসপাতালে গিয়েছিলেন অরূপ। শুক্রবার ভোর ৪টে ১৫ নাগাদ ওটির সামনে দেখা যায় তাঁকে। সন্তানকে শৌচালয়ে নিয়ে যাওয়ার জন্য স্ত্রীর সঙ্গে লিফটে ওঠেন। কিন্তু তখনই বিভ্রাট ধরা পড়ে। লিফটটি বারবার ওঠা নামা করতে থাকে।
সূত্রের খবর, একসময় বেসমেন্টে লিফট নেমে যায়। সেই সময় লিফট থেকে বেরোতে সক্ষম হন মা ও সন্তান। তবে অরূপবাবু বেরোতে পারেননি বলে অভিযোগ। যখন ওই যুবককে লিফটের ভিতর থেকে উদ্ধার করা হয় তখন তাঁর নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। তাঁকে ওয়ার্ডে নিয়ে এসে চিকিৎসা শুরু করা হলেও শেষ রক্ষা হয়নি।
কেন এমনটা হল, একই লিফটে তিনজন থাকা সত্ত্বেও শুধু মা ও শিশুটি বেরোতে পারল কেন অরূপ বেরোতে পারলেন না, তাঁর শরীরে এত আঘাত কেন, সেই সময় কারা দায়িত্বে ছিলেন লিফটের- এমন একাধিক প্রশ্নের এখনও কোন উত্তর মেলেনি। পুলিশ সূত্রে খবর, ঘটনায় পাঁচজনকে থানায় তলব করা হয়েছে। নিরাপত্তা ও নজরদারির দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের ডেকে পাঠানো হয়েছে।




















