৮ ঘণ্টায় অভিযোগ নিষ্পত্তি, ভোটের আগে বড় পদক্ষেপের ঘোষণা কমিশনের

নয়াদিল্লি: ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission)৷ নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ এবার থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টার মধ্যেই নিষ্পত্তি করা হবে বলে ঘোষণা করেছে কমিশন৷ এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Election Commission QR Code Security

নয়াদিল্লি: ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission)৷ নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ এবার থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টার মধ্যেই নিষ্পত্তি করা হবে বলে ঘোষণা করেছে কমিশন৷ এই উদ্যোগের লক্ষ্য ভোটারদের সমস্যা দ্রুত সমাধান করে নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করে তোলা৷

অভিযোগ জানানোর জন্য ইতিমধ্যেই চালু করা হয়েছে টোল ফ্রি নম্বর ১৯৫০৷ সাধারণ ভোটার, রাজনৈতিক দল বা যে কেউ এই নম্বরে ফোন করে তাঁদের অভিযোগ জানাতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন৷ পাশাপাশি, খুব শীঘ্রই একটি নির্দিষ্ট ইমেইল আইডির মাধ্যমে অনলাইনেও অভিযোগ জানানোর সুযোগ চালু করা হবে, যাতে ডিজিটাল মাধ্যমেও সহজে যোগাযোগ সম্ভব হয়৷

   

ভোটের সময় প্রায়ই ভোটার তালিকায় নাম না থাকা, বুথে সমস্যা, ভোটদানে বাধা, বা আচরণবিধি লঙ্ঘনের মতো বিভিন্ন অভিযোগ ওঠে৷ এইসব অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্যই ৮ ঘণ্টার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন৷ এতে ভোট প্রক্রিয়া আরও নির্ভরযোগ্য ও জনবান্ধব হয়ে উঠবে বলে আশাবাদী কমিশন৷

অভিযোগ নিষ্পত্তির কাজকে আরও কার্যকর করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নবান্নে অতিরিক্ত কর্মীর প্রয়োজনীয়তা জানিয়েছে৷ বর্তমানে সীমিত সংখ্যক আধিকারিক ও মাইক্রো অবজারভার এই কাজ সামলালেও, নির্বাচনের সময় অভিযোগের সংখ্যা অনেক বেড়ে যায়৷ তাই প্রশাসনিক সহায়তা বাড়ানো জরুরি হয়ে পড়েছে৷

এছাড়াও ভোটার তালিকা নিয়েও নতুন আপডেট এসেছে৷ সাপ্লিমেন্টারি তালিকায় এবার দুটি পৃথক কলাম থাকবে একটি ‘অ্যাডিশন’ (নতুন নাম সংযোজন) এবং অন্যটি ‘ডিলিটেড’ (নাম বাদ দেওয়া)৷ এতে ভোটাররা সহজেই বুঝতে পারবেন তাঁদের নাম তালিকায় রয়েছে কি না৷ সূত্রের খবর, এই সপ্তাহের শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হতে পারে৷ এরপর থেকে প্রতি সপ্তাহে নতুন তালিকা প্রকাশ করা হবে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google