মুম্বই: ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগ হান্ড্রেড লিগের দল সানরাইজার্স লিডস। পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে নিয়েছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস। এই দলের মালকিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দয়ানিধি মারানের ভাইঝি কাব্য মারান। যা নিয়ে বিতর্কের অন্ত নেই। এবার সেই তালিকায় যোগ হলেন ১৯৪৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য তথা কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।
এক সংবাদপত্রে সুনীল গাভাসকর লিখেছেন, “পাকিস্তানের ক্রিকেটারকে যদি দলে নেয় ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি, তাহলে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। ২৬/১১ হামলার পর থেকেই আইপিএলে খেলা বন্ধ হয়ে গিয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলি পাক ক্রিকেটারদের এড়িয়ে চলেছে। নেপথ্যে কারণ রয়েছে। দল থেকে যে অর্থ পাক ক্রিকেটারদের দেওয়া হয়, সেই অর্থ ক্রিকেটাররা কর হিসাবে পাক সরকারকে দেন। করের অর্থে অস্ত্র কেনে পাকিস্তান। সেই অস্ত্র ব্যবহার হয় ভারতের উপর আক্রমণ করার জন্য। সুতরাং, পাক ক্রিকেটারদের দলে নেওয়া মানে ভারতীয়দের রক্ত ঝরানো।“
গত সপ্তাহের বৃহস্পতিবার নিলামে আবরারকে নিয়ে ট্রেন্ট রকেটসের সঙ্গে দর কষাকষি হয় সানরাইজার্স লিডসের। অবশেষে নিলামে ২.৩৪ কোটি টাকা দিয়ে সানরাইজার্স লিডস কিনেছে আবরার আহমেদকে। এরপরই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং #ShameOnSRH ও #BoycottSunrisers-এর মতো হ্যাশট্যাগ। নেটিজেনদের অভিযোগ, জাতীয় আবেগকে অবহেলা করেছেন কাব্য।
আগামী ২১ জুলাই থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগ হান্ড্রেড লিগ। মোট ৮ টি দল অংশ নেবে। ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে মালিকানা রয়েছে আইপিএলের ৪ টি ফ্র্যাঞ্চাইজির। যেমন – ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মালিকানায় অংশীদারিত্ব পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে পার্টনারশিপে টিম চালাবে সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপ। ওভাল ইনভিনসিবলসে শেয়ার রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের, সানরাইজার্স হায়দরাবাদের শেয়ার রয়েছে নর্দার্ন সুপারচার্জার্সে ও দিল্লি ক্যাপিটালসের শেয়ার রয়েছে সাদার্ন ব্রেভে।




















