ইসলামাবাদ: বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে জিম্বাবোয়ের বোলার ব্লেসিং মুজারাবানি যোগ দিচ্ছেন কেকেআরে। আইপিএলে ( IPL 2026) কেকেআরের থেকে ডাক পেতেই পাকিস্তান সুপার লিগকে বাই বাই জানিয়ে দেন তিনি। আইপিএলে কেকেআরে যোগ দেওয়ার জন্য আগামী মঙ্গলবার কলকাতায় আসছেন ব্লেসিং মুজারাবানি। কিন্তু আইনি নিয়মে বিপাকে পড়লেন তিনি। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লিগ। ১.১ কোটি টাকা দিয়ে জিম্বাবোয়ের বোলার ব্লেসিং মুজারাবানিকে কিনেছিল পাক লিগের দল ইসলামাবাদ ইউনাইটেড। শামার জোসেফের জায়গায় তাঁকে দলে নিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড। কিন্তু আইপিএলের ডাক পেতেই পিএসএলের সঙ্গে চুক্তি ভেঙে দেন। পিএসএল থেকে নাম তুলে নেন। এর জেরে বেজায় চটেছেন পিসিবি কর্তারা। আইনি নোটিশ পাঠানো হতে পারে মুজারাবানিকে।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অনবদ্য পারফর্ম করেন জিম্বাবোয়ের বোলার ব্লেসিং মুজারাবানি। ১৩ টি উইকেট নিয়েছেন তিনি। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার ডানহাতি পেসার। তাঁর বাউন্সার যথেষ্ট বিপজ্জনক। বলাই বাহুল্য, তাঁর বাউন্সারে ভয় পেতে বাধ্য প্রতিপক্ষ দলের ব্যাটাররা। মুস্তাফিজুরকে ৯.২ কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ব্লেসিং মুজারাবানিকে বেস প্রাইজেই দলে নিয়েছে কিং খানের দল। ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়ে যে নাইটদের পেসিং বিভাগ শক্তিশালী হল, তা আর বলার অপেক্ষা রাখে না।
এখনও পর্যন্ত ৮০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ব্লেসিং মুজারাবানি। তাঁর ঝুলিতে রয়েছে ৯০ টি উইকেট। গড় ২১। সেরা বোলিং মাত্র ৮ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নেওয়া। আগামী মঙ্গলবার কলকাতায় এসে নাইট শিবিরে যোগ দিয়ে অনুশীলন শুরু করে দেবেন। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৯তম সংস্করণ। উদ্বোধনী ম্যাচের পরের দিন অর্থাৎ, আগামী ২৯ মার্চ থেকে আইপিএলের যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের আসর বসবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।




















