ঢাকা: বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ভোট প্রদানের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই দিনটিকে নতুন বাংলাদেশের জন্মদিবস হিসেবে উল্লেখ করেন। ড. ইউনূস বলেন, “আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা সারাদিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন।”
গণভোটে অংশগ্রহণের আহ্বান
প্রধান উপদেষ্টা বিশেষ গুরুত্ব দিয়ে ভোটারদের গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ। গণভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য যাতে করে নতুন বাংলাদেশ গড়তে পারি।”
“দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু” Muhammad Yunus cast his vote
সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে ড. ইউনূস বলেন, “আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।”
প্রসঙ্গত, হাসিনা-পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আয়োজিত এই নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।




















