বজবজে ঝালাইয়ের গ্যারাজে ভয়াবহ বিস্ফোরণ! উড়ে গেল চাল, মৃত ১

কলকাতা: বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার বজবজ (Budge Budge) এলাকা। একটি ঝালাইয়ের গ্যারাজে গ্যাস সিলিন্ডার ফেটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ...

By Moumita Biswas

Published:

Follow Us
Budge Budge gas cylinder explosion

কলকাতা: বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার বজবজ (Budge Budge) এলাকা। একটি ঝালাইয়ের গ্যারাজে গ্যাস সিলিন্ডার ফেটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান। এই ভয়াবহ বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে শেখ নিজামউদ্দিন নামে স্থানীয় এক বাসিন্দার একটি ঝালাইয়ের গ্যারাজ রয়েছে। প্রতিদিনের মতোই এদিন সেখানে কাজ চলছিল। বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ওই গ্যারাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে একটি বড় ট্যাঙ্কার গাড়ির ঝালাইয়ের কাজ করছিলেন কর্মীরা। ঠিক সেই সময়েই হঠাৎ বিকট শব্দে তীব্র বিস্ফোরণ ঘটে।

   

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মুহূর্তের মধ্যে গ্যারাজের টিনের চাল রীতিমতো উড়ে যায় এবং চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়।

উদ্ধারকাজ ও পুলিশের তৎপরতা Budge Budge gas cylinder explosion

বিকট শব্দ শুনে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা দেখেন, বিস্ফোরণের জেরে গ্যারাজে কর্মরত দুই ব্যক্তি রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছেন। খবর পেয়েই কালবিলম্ব না করে ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে বজবজের ২ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁর চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হলেও, এর পিছনে অন্য কোনও কারণ বা গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google