সোহিনী পোড়েল, কলকাতা: গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপরে প্রথম হামলা চালায় ইজরায়েল। প্রথমে মনে করা হচ্ছিল, ইরান ও ইজরায়েলের যুদ্ধ লেগেছে। তবে পরে জানা গেল ইজরায়েলকে সঙ্গ দিয়েছে আমেরিকাও। এরপর থেকে মধ্যপ্রাচ্যে শুরু হয় ত্রিমুখী যুদ্ধ। কেউ কাউকে ছেড়ে দেবে না। একজন মারলে, অপরজনও প্রত্যাঘাত করছে। যুদ্ধের ছায়া কি পড়বে ফিফা বিশ্বকাপে (FIFA World Cup)? এই নিয়ে হাজারও প্রশ্ন ঘুরছে ফুটবলপ্রেমীদের মনে।
আসন্ন বিশ্বকাপের আসর বসবে আমেরিকা, কানাডা, মেক্সিকোতে। আগামী ১১ জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপে গ্রুপ জি-তে ইরানের সঙ্গে রয়েছে বেলজিয়াম, ইজিপ্ট, নিউজিল্যান্ড। আগেই ইরান ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, আমেরিকার মাটিতে বিশ্বকাপ থেকে নাম তুলে নেবে তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক ইরান ফুটবল সংস্থার এক কর্তা জানিয়েছেন, “আজ যা ঘটছে, তা আমেরিকার আক্রমণের জন্যই। তবে এ বিষয়ে ক্রীড়া প্রধানরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আমেরিকায় গিয়ে বিশ্বকাপ খেলব কি না, তা নিয়ে চিন্তাভাবনা প্রয়োজন।“
এবার ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিকে স্পষ্ট ভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “ইরান শত্রু হলেও সেদেশের ফুটবল নয়। ইরানের ফুটবল দল যদি বিশ্বকাপে খেলতে যায়, তাহলে কোনওরকম সমস্যা হবে না। আমেরিকা তাঁদের স্বাগতই জানাবে। এই পরিস্থিতিতে আরও বেশি করে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ করা দরকার। আমরা চাই ইরানবাসীর সঙ্গে আমাদের যোগাযোগ বাড়ুক। ফলে সার্বিকভাবে বিশ্বকাপে কোনও সমস্যা হবে না। ইরান সহ সব দেশকেই বিশ্বকাপে স্বাগত জানাতে তৈরি আমেরিকা।“




















