ঢাকা: বাংলাদেশে সাধারণ নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে ফের এক হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। মৃতের নাম সুসেন চন্দ্র সরকার (৬২)। পরিবারের অভিযোগ, খুনের পর দোকান থেকে কয়েক লক্ষ টাকা লুট করে দুষ্কৃতীরা। এই ঘটনায় বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল।
কীভাবে খুন হলেন ব্যবসায়ী?
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ত্রিশালের বগার বাজার চৌরাস্তায় সুসেন চন্দ্র সরকারের চালের দোকান রয়েছে। সোমবার রাত এগারোটা নাগাদ তিনি যখন দোকানে একাই ছিলেন, তখন কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী হানা দেয়। তারা সুসেনবাবুকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় তিনি দোকানের ভেতর লুটিয়ে পড়লে, খুনিরা শাটার বন্ধ করে পালিয়ে যায়।
নিহতের ছেলে সুজন সরকার জানিয়েছেন, বাবা বাড়ি না ফেরায় তাঁরা দোকানে এসে শাটার খুলে দেখেন এই ভয়াবহ দৃশ্য। দোকানের ক্যাশ থেকে লক্ষাধিক টাকা লুটপাট হয়েছে বলেও দাবি তাঁর। তড়িঘড়ি তাঁকে ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ Minority violence in Bangladesh
নির্বাচনের মুখে একের পর এক হত্যাকাণ্ডে সেদেশে বসবাসকারী হিন্দুদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের বেছে বেছে খুন করা হচ্ছে। চলতি বছরের ৫ জানুয়ারি যশোরে এক হিন্দু সংবাদপত্র সম্পাদককে এবং নরসিংদীতে এক মুদি দোকানিকে খুন করা হয়েছিল।
গত ৪৫ দিনে বাংলাদেশে অন্তত ১১ জন হিন্দুকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। ইউনুস সরকারের আমলে ধর্মীয় উগ্রবাদীদের বাড়বাড়ন্তের ফলেই এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠছে। ঘটনায় তদন্ত শুরু করেছে ত্রিশাল থানার পুলিশ, তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।




















