কলকাতা: পূর্বাভাসকে সত্যি করে নামল বৃষ্টি (Rain)৷ সপ্তাহান্তে থেকে বদল যাবে আবহাওয়া৷ রবিবারও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ শনিবার পর্যন্ত রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে৷ আগামী দুই দিনে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে, তবে সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না৷ রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে৷
রবিবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব-পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে।
কলকাতা ও আশপাশের এলাকায় সোম ও মঙ্গলবার দু-এক ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, বজ্রপাতের সম্ভাবনা থাকায় খোলা জায়গায় থাকা ঝুঁকিপূর্ণ হতে পারে। উত্তরবঙ্গেও রবিবার থেকে আবহাওয়া পরিবর্তিত হতে শুরু করবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বসন্তকালে এই ধরনের ঘূর্ণাবর্তের কারণে ঝড়বৃষ্টি স্বাভাবিক ঘটনা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।




















