সোহিনী পোড়েল, কলকাতা: ঘরের মাঠে ম্যাকলারেন ম্যাজিকে আইএসএলে বিজয়রথ অব্যাহত মোহনবাগানের ( Mohun Bagan)। পর পর চার ম্যাচে জয়ের ধারা বজায় রাখল সবুজ মেরুন। যুবভারতীতে ওড়িশাকে ডেকে এনে নাস্তানাবুদ করে দিল সার্জিও লোবেরার ছেলেরা। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল মেরিনার্সদের। ওডিশার রক্ষণকে একের পর এক আঘাত করে ম্যাচ জিতে নিল মোহনবাগান। ৫-১ ব্যবধানে ম্যাচ যেতে সবুজ মেরুন।
ম্যাচের প্রথম থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ম্যাকলারেন-দিমিরা। ওড়িশাকে এক ইঞ্জিও জায়গায় ছাড়তে রাজি ছিল না। ১৪ মিনিটের মাথায় দিমিত্রি পেত্রাতোস একটি ব্যাক হিল পাস দেন শুভাশিস বোসকে। সেখান থেকে ম্যাকলারেনের দিকে একটি দারুণ ক্রস দেন শুভাশিস। এমন সুবর্ণ সুযোগ মিস করেননি জেমি ম্যাকলারেন। ১-০ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান।
২৪ মিনিটে সেই ম্যাকলারেনের পা থেকে আসে সবুজ মেরুনের দ্বিতীয় গোল। এরপর বেশ কয়েক বার আক্রমণে গেলেও কাজের কাজ করতে পারেনি ওড়িশা। ৪২ মিনিট নাগাদ বক্সের বাইরে প্রায় ৪০ গজ দূর থেকে নিচু জোরালো শট নেন আলবার্তো। বল চলে যায় সোজা গোলে। এর ১ মিনিটের মাথায় অর্থাৎ, ৪৩ মিনিটে বাগানের রক্ষণের ভুল বোঝাবুঝিতে ১ গোল পরিশোধ করে ওড়িশা। গোল করেন রহিম আলি।
Back-to-back ⭐⭐⭐⭐⭐ performances ????????♥️#MBSG JoyMohunBagan আমরাসবুজমেরুন MBSGOFC pic.twitter.com/struNPMFix
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) March 6, 2026
সংযুক্ত সময় ৪৫+২ মিনিটে গোলের হ্যাটট্রিক করেন জেমি ম্যাকলারেন। প্রথমার্ধ শেষে ৪-১ ব্যবধানে এগিয়ে থাকে সবুজ মেরুন। দ্বিতীয়ার্ধ শুরু হতেই গোলের সংখ্যা বাড়ানোর চেষ্টা করে পালতোলা নৌকা। ৮৮ মিনিট নাগাদ দু বার বল টাচ করে জোরে শট নেন এবং নিজের চতুর্থ ও দলের জন্য পঞ্চম গোল করেন ম্যাকলারেন। পাল্টা প্রত্যাঘাত করতে ব্যর্থ ওড়িশা। স্কোরলাইন ৫-১।




















