গুয়াহাটি: অসমের আকাশে বড়সড় দুর্ঘটনা। রুটিন প্রশিক্ষণ চলাকালীন মাঝআকাশে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার (IAF) একটি সুখোই Su-30MKI যুদ্ধবিমান। শুক্রবার বায়ুসেনার তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় যুদ্ধবিমানে থাকা দুই পাইলটই প্রাণ হারিয়েছেন।
নিহত দুই পাইলট
ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, দেশসেবায় প্রাণ উৎসর্গ করা ওই দুই সাহসী পাইলট হলেন, স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরগকর
কীভাবে ঘটল এই বিপত্তি? IAF Su-30MKI crash Assam
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় অসমের যোরহাট এয়ারবেস থেকে রুটিন প্রশিক্ষণের উদ্দেশ্যে উড়ান ভরেছিল এই সুখোই যুদ্ধবিমানটি। ওড়ার কিছুক্ষণের মধ্যেই গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।রাডারে বিমানটির শেষ অবস্থান বা সিগন্যাল পাওয়া গিয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে।
কোথায় ঘটল দুর্ঘটনা?
বায়ুসেনার তরফে জানানো হয়েছে, যোরহাট এয়ারবেস থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং (Karbi Anglong) জেলার একটি পাহাড়ি এলাকায় যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই ওই এলাকায় জোরদার তল্লাশি অভিযান শুরু করেছিল উদ্ধারকারী দল। শুক্রবার সকালেই বায়ুসেনা দুই পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করে।
সুখোই Su-30MKI-এর গুরুত্ব
২০০০-এর দশকের গোড়ার দিকে ভারতীয় বায়ুসেনায় প্রথম অন্তর্ভুক্ত হয় এই সুখোই Su-30MKI যুদ্ধবিমান। শত্রুপক্ষকে কড়া জবাব দিতে এই বিমানটিকে প্রথম সারির অন্যতম সেরা এবং শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে ভারতীয় বায়ুসেনার বহরে এই ধরনের ২০০-টিরও বেশি সুখোই যুদ্ধবিমান রয়েছে।



