সোহিনী পোড়েল, কলকাতা: ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারতের মহিলা ব্রিগেড। সেই দলের সদস্য ছিলেন তিনি। শুধুমাত্র সদস্য বললে ভুল হবে, চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কাণ্ডারি বঙ্গ কন্যা। সেই তাঁর নাম ভোটার তালিকায় ‘আন্ডার অ্যাজুডিকেশন’। যা দেখে হতবাক সকলে। অনেকের দাবি, যে মেয়ে দেশকে বিশ্বকাপ দিয়েছে, সেই মেয়ের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে? বেজায় সমস্যায় পড়েছেন উত্তরবঙ্গের রিচা (Richa Ghosh)। শুধু রিচা ঘোষই নন, তাঁর দিদি সোমাশ্রী ঘোষের ক্ষেত্রেও একই চিত্র।
কয়েক মাসের টানাপোড়েনের পর শনিবার প্রকাশ করা হয়েছে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা। কমিশন সূত্রে খবর, SIR শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গের মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষের কিছু বেশি। রাজ্যজুড়ে বাদ পড়েছে মোট ৬৫ লক্ষের বেশি নাম। লজিক্যাল ডিসক্রেপসিতে অমীমাংসিত ৬০ লক্ষের নথি। সেই তালিকায় সামিল হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার শিলিগুড়ির বাসিন্দা রিচা ঘোষ, তাঁর দিদি সোমশ্রী ঘোষ। শিলিগুড়ির ১৯ নং ওয়ার্ডের বাসিন্দা রিচা ঘোষের পরিবার। সূত্রের খবর, খেলা নিয়ে ব্যস্ত ছিলেন রিচা। তাই এনিউমারেশন ফর্ম ফিলআপ করে ও সব নথি জমা দেন তাঁর বাবা। শুনানিতে ডাক আসেনি রিচা ও তাঁর দিদির। তাহলে কেন তাঁর নামের পাশে অ্যাজুডিকেশন লেখা, তা স্পষ্টভাবে জানা যায়নি।
রিচার বাবা দেবাশিস ঘোষ জানিয়েছেন, ”SIR-এর ফর্ম ফিলাপের সময় রিচার জন্মের শংসাপত্র দেওয়া হয়েছিল নথি হিসেবে। কিন্তু কেন এরকম এল, বুঝতে পারছি না। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।“ মেয়র গৌতম দেব বক্তব্য, “বিশ্বকাপজয়ী খেলোয়াড়ের নাম বিচারাধীন! যিনি ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছেন। ভাবা যায়? আসলে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশন ভৃত্যের কাজ করেছে। আমরা রিচা ঘোষের যাবতীয় কাগজপত্র আবার জমা দেওয়ার ব্যবস্থা করছি। বিষয়টি আমি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি।“




















