সোহিনী পোড়েল, কলকাতা: হাতে আছে মাত্র কয়েক ঘণ্টা। তারপরই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বে ডু অর ডাই ম্যাচ খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের ওপর ভারতের সেমির ভাগ্য নির্ভর করছে। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেমির পথ কঠিন হয়ে গিয়েছিল সূর্যদের কাছে। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতে সেমির রাস্তা একটু হলেও সহজ হয়েছে। ক্রিকেটের নন্দনকাননে ক্যারিবিয়ানদের নাস্তানাবুদ করতে সবরকম অস্ত্র তৈরি টিম ইন্ডিয়ার।
অভিষেক শর্মার অফ ফর্ম নিয়ে চিন্তায় ছিল ম্যানেজমেন্ট। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে আবারও তাঁকে চেনা ছন্দে দেখা গিয়েছে। ঈশান কিষাণ, তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়ারা যেমন অনবদ্য ফর্মে রয়েছে, তেমনই ফর্মে রয়েছে বোলাররাও। চিপকের মতো ইডেনের পিচও ব্যাটিং সহায়ক হবে। উইকেটে ভাল বাউন্স থাকবে। বল ঘুরবে। প্রবীণ পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, ”টসে জিতলে রান তাড়া করা ভাল।“
১০ বছর আগে ওয়াংখেড়েতে ভারতকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ করেছিল ক্যারিবিয়ানরা। ১০ বছর পর ইতিহাসের বদলের সামনে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। দুই দল মুখোমুখি হয়েছে ৩০ বার। এর মধ্যে ১৯ বার জিতেছে ভারত। ১০ বার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অমীমাংসিত ১ টি ম্যাচ। সন্ধ্যা ৭টা নাগাদ শুরু হবে ম্যাচ। তবে নিয়ম অনুযায়ী ম্যাচের ৩০ মিনিট আগে অর্থাৎ, ৬.৩০ মিনিটে টস হবে।
ভারতের সম্ভাব্য একাদশ –
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জসপ্রিত বুমরা, বরুণ চক্রবর্তী
ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ –
ব্র্যান্ডন কিং, সাই হোপ (উইকেটরক্ষক এবং অধিনায়ক), সিমরন হেটমায়ার, রোভমান পাওয়েল, ফেরফান রুথারফোর্ড, রোস্টন চেজ বা আকিল হোসেন, রোমারিও শেপার্ড, জ্যাসন হোল্ডার, ম্যাথিউ ফোর্ড, গুদাকেশ মোতি, শামার জোসেফ




















