আজ বাজারে সবজির দামের হাল হাকিকত

কোলকাতা: শীত প্রায় শেষের পথে, আর তার সঙ্গে সঙ্গে সবজির বাজারেও দেখা যাচ্ছে মিশ্র ছবি (vegetable prices)। কোথাও স্বস্তি, কোথাও আবার অস্বস্তি। আজকের বাজারে গিয়ে সাধারণ ক্রেতাদের অভিজ্ঞতা ...

By Sudipta Biswas

Published:

Follow Us
today-vegetable-prices-market-update

কোলকাতা: শীত প্রায় শেষের পথে, আর তার সঙ্গে সঙ্গে সবজির বাজারেও দেখা যাচ্ছে মিশ্র ছবি (vegetable prices)। কোথাও স্বস্তি, কোথাও আবার অস্বস্তি। আজকের বাজারে গিয়ে সাধারণ ক্রেতাদের অভিজ্ঞতা এক কথায় বললে নিত্যপ্রয়োজনীয় কিছু সবজি সস্তা হলেও বেশ কয়েকটি সবজির দাম এখনও আকাশছোঁয়া। ফলে সংসারের বাজার করতে গিয়ে হিসেব কষতে হচ্ছে বাড়তি সতর্কতায়।

সবচেয়ে বড় স্বস্তির খবর এসেছে আলুর দামে। আজ খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০ থেকে ১২ টাকায়। শীতের মরসুমে আলুর জোগান ভালো থাকায় দাম বেশ নিয়ন্ত্রণে রয়েছে। পেঁয়াজের দামও তুলনামূলকভাবে স্থিতিশীল। আজ পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকা কেজি দরে, মানভেদে সামান্য তারতম্য রয়েছে।

   

আরও দেখুন: গেরুয়া রাজ্যে গণধর্ষণের শিকার নাবালিকা! নির্যাতনের ভিডিও ভাইরাল

তবে এই স্বস্তির মাঝেই বড় ধাক্কা দিচ্ছে বেগুন। আজ বাজারে বেগুনের দাম ১০০ থেকে ১৩০ টাকা কেজি, জাতভেদে দাম আরও চড়া হতে পারে। অনেক ক্রেতাই বলছেন, “বেগুন তো এখন আর গরিবের সবজি রইল না।” একই ছবি উচ্ছে বাজারেও। উচ্ছের দাম আজ ১০০ থেকে ১১০ টাকা কেজি, যা মধ্যবিত্ত পরিবারের জন্য বেশ চাপের।

সবজির ঝুড়িতে কিছুটা ভারসাম্য এনেছে গাজর ও লাউ। গাজরের দাম আজ ৪০ থেকে ৭০ টাকা কেজি, আর লাউ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা দরে। শাকের দাম তুলনামূলকভাবে কম আঁটি প্রতি ১০ থেকে ১৫ টাকা। ফলে দৈনন্দিন রান্নায় শাক-সবজি রাখার সুযোগ পাচ্ছেন অনেকেই।

মশলার বাজারে অবশ্য চিন্তার ভাঁজ স্পষ্ট। আদার দাম আজ ৭০ থেকে ৮০ টাকা কেজি, যা এখনও বেশ চড়া। কিন্তু সবচেয়ে বেশি পকেটে টান দিচ্ছে রসুন। আজ রসুন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি, যা অনেক ক্রেতার কাছেই “অযৌক্তিক” বলে মনে হচ্ছে।

পাইকারি বাজারের ছবিটাও খুব একটা আশাব্যঞ্জক নয়। পাইকারি বাজারে বেগুনের দাম কুইন্টাল প্রতি ২,২০০ থেকে ২,৩০০ টাকা, বাঁধাকপি ১,৫০০ টাকা, গাজর ২,২০০ টাকা এবং কাঁচা লঙ্কার দাম তো একেবারে চোখ কপালে তোলার মতো ৭,০০০ টাকা কুইন্টাল। ব্যবসায়ীদের মতে, পরিবহণ খরচ, আবহাওয়ার অনিশ্চয়তা এবং কিছু ক্ষেত্রে জোগানের ঘাটতির কারণেই এই দাম।

বাজারে আসা অনেক ক্রেতাই বলছেন, তারা এখন প্রয়োজন অনুযায়ী সবজি কিনছেন, বাড়তি কিছু রাখছেন না। কেউ কেউ আবার বেগুন বা উচ্ছে বাদ দিয়ে সস্তা বিকল্পের দিকে ঝুঁকছেন। বিক্রেতাদের দাবি, আগামী কয়েক সপ্তাহে নতুন ফসল পুরোপুরি উঠলে কিছু সবজির দামে স্বস্তি আসতে পারে, তবে মশলার বাজারে দ্রুত দাম কমার সম্ভাবনা কম।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google