কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান। হাওড়া-কামাখ্যা স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসে এবার থেকে পাতে মিলবে আমিষ খাবার। কেন বাঙালি প্রধান এই রুটের ট্রেনে মাছ-মাংস থাকবে না, তা নিয়ে বিতর্ক কম হয়নি। খোদ রেলমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। অবশেষে সেই ধোঁয়াশা কাটিয়ে রেলের টিকিট বুকিং অ্যাপ ও পোর্টালে যুক্ত হল ‘নন-ভেজ’ খাবারের বিকল্প।
আমিষ মেনুতে কী থাকছে?
রেল সূত্রে খবর, আমিষ খাবারের তালিকায় মূল আকর্ষণ হিসেবে থাকছে চিকেন এবং ডিম। বাঙালি ও অসমীয়া স্বাদ মাথায় রেখেই ডিনার বা নৈশভোজের মেনু সাজানো হচ্ছে। তবে তালিকায় প্রতিদিন মাছ থাকবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি রেল।
বুকিং করবেন কীভাবে? Vande Bharat non veg food
যাত্রীরা এখন থেকেই IRCTC ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট কাটার সময় আমিষ খাবার বেছে নিতে পারেন। নাম ও তথ্য পূরণের পর খাবারের জায়গায় গিয়ে ‘ভেজ’ মোড বদলে ‘নন-ভেজ’ অপশনটি সিলেক্ট করতে হবে। কোনও রকম ঝঞ্ঝাট ছাড়াই আপনার সিটে পৌঁছে যাবে গরম গরম মাংস বা ডিমের পদ।
নিরামিষ মেনুতেও রয়েছে বিশেষ চমক৷ বাঙালি এবং অসমীয়া স্বাদের মেলবন্ধন ঘটেছে নিরামিষ থালিতেও। হাওড়া থেকে ছাড়ার সময় ডিনারে মিলবে বাসন্তী পোলাও, ধোকার ডালনা, লাবড়া, ভাজা মুগ ডাল৷ শেষ পাতে থাকছে রসগোল্লা বা সন্দেশ। কামাখ্যা থেকে হাওড়া আসার সময় মিলবে অসমিয়া খাবার? মেনুতে থাকবে জোহা রাইস, মটর পনির, অসমের বিখ্যাত মিক্স ভাজি এবং লাল মোহন বা নারকেল বরফি।
কখন ছাড়বে?
২৭৫৭৫ হাওড়া-কামাখ্যা স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসটি প্রতিদিন (বৃহস্পতিবার বাদে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে কামাখ্যা পৌঁছাবে। ফিরতি পথে ২৭৫৭৬ কামাখ্যা-হাওড়া ট্রেনটি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছেড়ে হাওড়ায় পৌঁছাবে পরের দিন সকাল ৮টা ১৫ মিনিটে।





