আনন্দপুর মোমো কারখানার মালিক এখনও কেন অধরা? মমতাকে তোপ শাহের

ব্যারাকপুর: আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও চড়ল। আনন্দপুরের মোমো কারখানার মালিককে এখনও গ্রেফতার করা হল না কেন? শনিবার ব্যারাকপুরে বিশাল কর্মী সম্মেলন থেকে সরাসরি মুখ্যমন্ত্রী ...

By Moumita Biswas

Published:

Follow Us
Amit Shah questions Mamata over Anandapur

ব্যারাকপুর: আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও চড়ল। আনন্দপুরের মোমো কারখানার মালিককে এখনও গ্রেফতার করা হল না কেন? শনিবার ব্যারাকপুরে বিশাল কর্মী সম্মেলন থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ব্যারাকপুরের জনসভা থেকে এদিন বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ প্রথমেই আনন্দপুরের অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এরপরই তীব্র ভাষায় রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান৷ তোপ দেগে বলেন, “এটা কোনও দুর্ঘটনা নয়। এই মর্মান্তিক ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতি ও চরম অব্যবস্থা।”

   

অমিত শাহের দাবি, রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা ও দুর্নীতির ফলেই এত বড় বিপর্যয় ঘটেছে। তাঁর কথায়, আনন্দপুরের ঘটনায় রাজ্য সরকার যে ভূমিকা নিয়েছে, তা প্রশ্নের ঊর্ধ্বে নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই বিষয়টি নিয়ে তিনি পরে আরও বিস্তারিতভাবে কথা বলবেন।

প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন

আনন্দপুরের মোমো কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কারখানার মালিকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতিতে এই ইস্যুতে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

নিখোঁজ ২৭, উদ্ধার ২১টি দেহাংশ

উল্লেখ্য, ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও নিখোঁজ ২৭ জন। শুক্রবার পর্যন্ত ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ২১টি দেহাংশ। তবে মৃতের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত নয়। উদ্ধার হওয়া দেহাংশগুলি কাদের, তা শনাক্ত করা সম্ভব হয়নি। সেগুলি ডিএনএ পরীক্ষার জন্য কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (সিএফএসএল)-এ পাঠানো হয়েছে।

বারুইপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক শুক্রবার জানান, নিখোঁজ ২৭ জনের নামে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। ডিএনএ পরীক্ষার রিপোর্ট এলেই নিহতদের সঠিক পরিচয় নিশ্চিত করা যাবে। দ্রুত তদন্তের স্বার্থে বারুইপুর পুলিশ জেলার সুপার নিজে সিএফএসএল-এ গিয়ে বিষয়টি তদারক করেন।

এখনও চলছে উদ্ধার অভিযান

এ দিকে, শুক্রবারও ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালানো হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে আরও কোনও দেহাংশ মিলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে৷ ডেকরেটার্সের গুদামের টিনের শেড উপড়ে ফেলে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধার অভিযান পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তল্লাশি চলবে।

 

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google