কলকাতা: আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা ২০২৬ (Madhyamik Exam 2026)। পড়ুয়াদের কাছে জীবনে প্রথম এটি বড় পরীক্ষা৷ তাই তাদের কাছে মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ পরীক্ষার দিনগুলিতে যাতে ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে ও সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা কলকাতা পুলিশের৷ বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ৷
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে শহরের রাস্তায় সকালের দিকে ভারী যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের অধীনস্থ এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভারী ট্রাক ও পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। এই সময়েই পরীক্ষার্থীদের যাতায়াত সর্বাধিক হওয়ায় যানজট এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন ও জরুরি পরিষেবার কথা বিবেচনা করে কিছু যানবাহনকে ছাড় দেওয়া হয়েছে। এলপিজি, পেট্রোলিয়ামজাত দ্রব্য, তেল, অক্সিজেন, দুধ, ওষুধ, সবজি, ফল ও মাছ বহনকারী গাড়ি সকাল ৮টা পর্যন্ত কলকাতার রাস্তায় চলাচল করতে পারবে। নির্দিষ্ট সময়ের পরে এই যানবাহনগুলির চলাচলেও নিষেধাজ্ঞা কার্যকর হবে।
কলকাতা পুলিশ আরও জানিয়েছে, পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকায় কোনওরকম গাড়ি পার্কিং করা যাবে না। কেন্দ্রের আশপাশের রাস্তাগুলিতে বিশেষ নজরদারি রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে। সাধারণ গাড়িচালকদের ক্ষেত্রে পরীক্ষার দিনগুলিতে ওই এলাকাগুলি এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।
এছাড়াও যানবাহন চালকদের জন্য একাধিক কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার দিনগুলিতে ট্রাফিক সিগন্যাল মেনে চলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, অযথা হর্ন না বাজানো এবং দু’চাকার যান চালানোর ক্ষেত্রে হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পুলিশ।
পরীক্ষার্থীদের সাহায্যের জন্য শহরের গুরুত্বপূর্ণ মোড় এবং পরীক্ষাকেন্দ্রগুলির সামনে বাড়তি ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। কোথাও যানজট বা কোনও সমস্যার সৃষ্টি হলে দ্রুত সমাধানের জন্য কলকাতা পুলিশের কন্ট্রোল রুম সক্রিয় থাকবে। প্রয়োজনে পরীক্ষার্থী ও অভিভাবকদের নিকটবর্তী ট্রাফিক পুলিশের সাহায্য নিতে বলা হয়েছে।




















