কলকাতা: ভারতীয় সঙ্গীত জগতের একচ্ছত্র অধিপতি অরিজিৎ সিংয়ের আকস্মিক অবসর ঘোষণায় স্তম্ভিত গোটা দেশ৷ স্তব্ধ অনুরাগী থেকে শুরু করে গোটা বলিউড। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের হৃদয়ে রাজত্ব করার পর, প্লেব্যাক সিংগিং বা চলচ্চিত্রের নেপথ্য কণ্ঠ দেওয়া থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩৮ বছরের এই শিল্পী। মঙ্গলবার নিজের ‘এক্স’ হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি স্পষ্ট জানান, আপাতত নতুন কোনও প্লেব্যাক প্রজেক্টের সঙ্গে তিনি যুক্ত হবেন না।
হঠকারী নয়, সুচিন্তিত পদক্ষেপ
অরিজিতের মতে, এই সিদ্ধান্ত কোনও সাময়িক আবেগের বশবর্তী হয়ে নেওয়া নয়। দীর্ঘকাল ধরে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার পর তিনি অবশেষে এই সাহসী পদক্ষেপ নিয়েছেন। তিনি লেখেন, “এর পেছনে একটি নয়, একাধিক কারণ রয়েছে। অবশেষে এই সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস আমি সঞ্চয় করতে পেরেছি।”
ক্লান্ত শিল্পীমন ও নতুন চ্যালেঞ্জ Arijit Singh retirement
কেন এই সরে দাঁড়ালেন? শিল্পী নিজেই জানিয়েছেন তাঁর সৃজনশীল অস্থিরতার কথা। অরিজিৎ স্বীকার করেছেন, “সহজভাবে বলতে গেলে, আমি খুব দ্রুত বিরক্তি অনুভব করি। সে কারণেই লাইভ পারফরম্যান্সের সময় আমি প্রায়ই গানের মূল অ্যারেঞ্জমেন্ট বা সুর বদলে দিই। সত্যি বলতে, আমি ক্লান্ত। শিল্পী হিসেবে টিকে থাকার জন্য আমার এখন ভিন্ন ধাঁচের সংগীত অন্বেষণ করা প্রয়োজন।”
নতুন কণ্ঠের আবাহন
সঙ্গীতের মঞ্চ থেকে নিজেকে সরিয়ে রাখা নয়, নতুন প্রতিভাদের জায়গা করে দিতেও আগ্রহী তিনি। তিনি জানিয়েছেন, এমন নতুন কণ্ঠস্বর শুনতে চান যারা তাঁকে সত্যিই অনুপ্রাণিত করতে পারে। গায়ক নিজেকে একজন ‘ছোট মাপের স্বাধীন শিল্পী’ হিসেবে গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন এবং নতুন কিছু শেখার প্রতি আগ্রহ দেখিয়েছেন।
কাজ কি একেবারেই বন্ধ?
অনুরাগীদের আশ্বস্ত করে অরিজিৎ জানিয়েছেন, তিনি প্লেব্যাক থেকে অবসর নিলেও সঙ্গীত জগৎ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন না। অরিজিৎ জানান, আগে থেকে চুক্তিবদ্ধ থাকা কাজগুলো তিনি পূর্ণ করবেন। ফলে চলতি বছর আরও কিছু নতুন মুক্তি পাওয়া গান শোনার সুযোগ থাকবে। তাঁর লাইভ কনসার্ট বা স্টেজ পারফরম্যান্স আগের মতোই জারি থাকবে। তবে আগামী দিনে নিজের মতো করে গান তৈরি করা এবং প্রোডাকশনে বেশি সময় দেবেন।
নতুন বছরের বার্তায় অরিজিৎ লেখেন, “সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বছরের পর বছর ধরে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। প্লেব্যাক শিল্পী হিসেবে আমি আমার এই অধ্যায়ের ইতি টানছি।”
প্রসঙ্গত, অরিজিতের সর্বশেষ প্লেব্যাক রিলিজ ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’ চলচ্চিত্রের ‘মাতৃভূমি’ গানটি। আপাতত চলচ্চিত্রের গ্ল্যামার জগত থেকে দূরে গিয়ে অরিজিৎ তাঁর ব্যক্তিগত সৃজনশীলতাকে কোন পথে নিয়ে যান, এখন সেটাই দেখার অপেক্ষায় সঙ্গী দুনিয়া।
Entertainment: India is stunned as Arijit Singh announces retirement from playback singing. The 38-year-old singer says the decision is well thought out, citing creative fatigue, while assuring fans that concerts and independent music will continue.




















