কলকাতা: লাইভ স্টেজ শো ঘিরে ফের বিতর্কে জড়ালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। উত্তর ২৪ পরগনার বনগাঁর নয়াগ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফরম্যান্স চলাকালীন তাঁকে প্রকাশ্যে স্টেজ থেকে নেমে যেতে বলা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং ইতিমধ্যেই বনগাঁ থানায় এফআইআর দায়ের করেছেন মিমি চক্রবর্তী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নয়াগোপাল গুঞ্জ যুবক সঙ্ঘ ক্লাবের উদ্যোগে নয়াগ্রামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শনিবার রাত পৌনে বারোটা নাগাদ স্টেজে ওঠেন মিমি চক্রবর্তী। অভিযোগ, গান চলাকালীনই আচমকা এক ব্যক্তি স্টেজে উঠে পড়েন এবং পারফরম্যান্স বন্ধ করে শিল্পীকে নেমে যেতে বলেন। দর্শকদের সামনে এই ঘটনায় পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে।
অভিযোগে নাম উঠে এসেছে তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তির। তিনি ওই ক্লাবের কর্মকর্তা এবং পেশায় একজন জ্যোতিষী বলে জানা গিয়েছে। মিমির অভিযোগ, তাঁর কণ্ঠরোধ করার মতো আচরণ করা হয় এবং একজন শিল্পী হিসেবে তাঁর সম্মান ক্ষুণ্ণ করা হয়।
ঘটনার পর বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার বিবরণ খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে এবং অনুষ্ঠানের ভিডিও ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালানো হচ্ছে।
এই প্রসঙ্গে মিমি চক্রবর্তী বলেন, “আমার দীর্ঘ কেরিয়ারে এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। একজন শিল্পী যখন স্টেজে থাকেন, তখন তাঁকে এইভাবে অপমান করা যায় না। আজকাল অনেকেই মনে করেন, শিল্পীরা তাঁদের ইচ্ছেমতো চলবেন। কিন্তু এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।”
তিনি আরও বলেন, এই ঘটনার প্রতিবাদ করা জরুরি ছিল। কারণ তিনি চুপ করে থাকলে ভবিষ্যতে অন্য শিল্পীদের সঙ্গেও একই আচরণ করা হতে পারত। বিশেষ করে মহিলা শিল্পীদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা আরও বিপজ্জনক বলে মন্তব্য করেন তিনি।
মিমির বক্তব্য, “আমি যদি আজ আওয়াজ না তুলতাম, তাহলে কাল অন্য কোনও মেয়ের সঙ্গেও এমন হতে পারত। তাই সকল শিল্পীদের সচেতন থাকার বার্তা দিতে চেয়েছি।”
অন্যদিকে, আয়োজক সংস্থার তরফে বিষয়টি নিয়ে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। ক্লাবের এক কর্মকর্তা জানান, অনুষ্ঠান নির্ধারিত সময়ের তুলনায় অনেকটাই দেরিতে শুরু হয়েছিল। প্রশাসনের তরফ থেকে রাত ১২টা পর্যন্তই অনুমতি ছিল। সেই কারণেই শিল্পীকে সময়ের কথা জানানো হয়।
আয়োজক অজয় বণিক বলেন, “আমাদের হাতে সময় খুব কম ছিল। ম্যাডাম সাড়ে ১১টার পর অনুষ্ঠানে পৌঁছন এবং পৌনে ১২টায় স্টেজে ওঠেন। আশেপাশের এলাকায় অভিযোগ যেতে পারত, তাই বিষয়টি জানানো হয়।”
তবে অভিযুক্ত ব্যক্তির আচরণ নিয়ে তিনি বলেন, “উনি যদি ভুল ভাষায় কিছু বলে থাকেন, সেটা ঠিক হয়নি। এত বড় একজন শিল্পীর খারাপ লাগাই স্বাভাবিক। ক্লাবের পক্ষ থেকে আমরা দুঃখিত।”




















