নয়া দিল্লি: আজ সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬। ভারত উদযাপন করছে তার ৭৭তম প্রজাতন্ত্র দিবস। দিল্লির ‘কর্তব্য পথ’-এ এক বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে আজ বিশ্বের দরবারে ভারত তার ক্রমবর্ধমান সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং উন্নয়নের জয়যাত্রা তুলে ধরছে। এ বছরের অনুষ্ঠানের মূল থিম বা ভাবনা হল, ‘বন্দে মাতরম-এর ১৫০ বছর’।
কুচকাওয়াজের বিশেষ আকর্ষণ: অপারেশন সিঁদুর
এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সবথেকে বড় চমক হিসেবে থাকছে ‘অপারেশন সিঁদুর’-এর বিশেষ মহড়া। গত বছর মে মাসে সীমান্তের ওপারে জঙ্গি ঘাঁটি ধ্বংসে পরিচালিত এই অভিযানের সফল রণকৌশল আজ জনসাধারণের সামনে তুলে ধরা হবে।
সিঁদুর ফর্মেশন: আকাশপথে রাফাল, মিগ-২৯, সুখোই-৩০ এবং জাগুয়ার যুদ্ধবিমান এক বিশেষ ‘সিঁদুর ফর্মেশনে’ ফ্লাইপাস্ট করবে।
অস্ত্র প্রদর্শন: অপারেশন সিঁদুরে ব্যবহৃত অত্যাধুনিক ড্রোন, রোবোটিক ডগ, সলর-চালিত নজরদারি ব্যবস্থা এবং বিশেষ অস্ত্রশস্ত্রের রেপ্লিকা কুচকাওয়াজে প্রদর্শিত হবে।
ব্যাটল অ্যারে: ভারতীয় সেনাবাহিনী প্রথমবার ‘ফেজড ব্যাটল অ্যারে’ (Phased Battle Array) প্রদর্শন করবে, যা যুদ্ধের ময়দানে সেনাবাহিনীর আসল অবস্থান ও আক্রমণ পদ্ধতিকে তুলে ধরবে।
দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
সোমবার ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে তিনি তাঁর শুভকামনা ভাগ করে নেন।
প্রধানমন্ত্রী লিখেছেন, “আমার সকল সহনাগরিককে জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা। ভারতের সম্মান, গর্ব এবং গৌরবের প্রতীক এই মহান জাতীয় উৎসব আপনাদের জীবনে নতুন শক্তি ও উদ্দীপনা সঞ্চার করুক। ‘উন্নত ভারত’ গড়ার সংকল্প আরও শক্তিশালী হয়ে উঠুক৷ এটাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রার্থনা।”
প্রধান অতিথি ও সময়সূচী
এ বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লেয়েন।
সকাল ১০.৩০ মিনিটে শুরু হবে মূল অনুষ্ঠান। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে গিয়ে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং শুরু হবে ২১টি তোপধ্বনির সাথে বর্ণাঢ্য কুচকাওয়াজ।
নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক সতর্কতা
গোয়েন্দা সূত্রে ‘অ্যান্টি-ন্যাশনাল এলিমেন্ট’-দের নাশকতার আশঙ্কার কারণে দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে ভারত-নেপাল সীমান্তে সশস্ত্র সীমা বল (SSB) কড়া নজরদারি চালাচ্ছে। দিল্লি পুলিশও কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলেছে গোটা শহরকে।
রাস্তা বন্ধ: প্যারেডের জন্য বিজয় চক থেকে ইন্ডিয়া গেট এবং লাল কেল্লা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে। তিলক মার্গ, বাহাদুর শাহ জাফর মার্গ এবং নেতাজি সুভাষ মার্গের মতো প্রধান রাস্তাগুলি সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে।
লাল কেল্লায় ভারত পর্ব
প্রজাতন্ত্র দিবসের উৎসবকে আরও রঙিন করতে আজ থেকেই লাল কেল্লার প্রাঙ্গণে শুরু হচ্ছে ছয় দিনের সাংস্কৃতিক উৎসব ‘ভারত পর্ব’। লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই উৎসবের উদ্বোধন করবেন। এখানে ভারতের বিভিন্ন রাজ্যের হস্তশিল্প, খাবার এবং ঐতিহ্যবাহী নাচ-গান উপভোগ করতে পারবেন পর্যটকরা।




















