Monday, May 25, 2026
Home Sports News মধ্যরাতে ‘মেসি-জ্বরে’ কাঁপল কলকাতা, রাত ২.২৬-এ শহরে পা কিংবদন্তির

মধ্যরাতে ‘মেসি-জ্বরে’ কাঁপল কলকাতা, রাত ২.২৬-এ শহরে পা কিংবদন্তির

lionel-messi-kolkata-midnight-arrival-goat-tour-2025

ডিসেম্বরের কনকনে ঠান্ডা, রাত পেরিয়ে ভোরের দোরগোড়ায় সময়, তবু অপেক্ষা থামেনি। কারণ তিনি লিওনেল মেসি (Lionel Messi)। কিংবদন্তি শুধু মাঠে নয়, ফুটবলপাগল বাঙালির আবেগে-অনুভবে। শুক্রবার গভীর রাতে ঠিক ২টা ২৬ মিনিটে কলকাতার মাটি স্পর্শ করলেন আর্জেন্টাইন সুপারস্টার। আর তাতেই ‘মেসি-জ্বরে’ কেঁপে উঠল শহর।

- Advertisement -
কলকাতায় তৈরি হল মেসির ‘বাড়ি’, শহরে ফুটবল জ্বরে নতুন উন্মাদনা

বিমানবন্দরের ৪ নম্বর গেটে আন্তর্জাতিক আগমন টার্মিনালে ভিড় জমিয়েছিলেন হাজারো সমর্থক। হাতে আর্জেন্টিনা ও ভারতের পতাকা, কারও ফোনে ফ্ল্যাশ, কারও হাতে ঢোল জয়ধ্বনি আর ড্রামের তালে তালে রাতের নীরবতা ভেঙে গেল। কড়াকড়ি নিরাপত্তার মধ্যে দিয়ে মেসি বিমানবন্দর ছাড়তেই উচ্ছ্বাস চরমে। অনেক খুদে অভিভাবকের কাঁধে চড়ে ইতিহাসের সাক্ষী হলো। বিশাল কনভয়ে মেসিকে নিয়ে যাওয়া হলো হোটেলে; সেখানেও অপেক্ষায় ছিলেন ভক্তরা। ব্যারিকেড, পুলিশের পাহারা আর একটানা স্লোগানে মধ্যরাতেও শহর জেগে রইল।

   

এই সফরে মেসির সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের স্ট্রাইক পার্টনার লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার সতীর্থ রডরিগো ডি’পল। যদিও কড়া নিরাপত্তার কারণে অনেক ভক্তের স্বপ্নভঙ্গও হল, এক ঝলক দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরতে হলো অনেককেই।

প্রায় ১৪ বছর পর কলকাতায় মেসির পা। ২০১১ সালে যুবভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবেই খেলেছিলেন তিনি। তখন তিনি ছিলেন মহান; আজ তিনি বিশ্বজয়ী অধিনায়ক। পার্থক্যটা এখানেই। বিশ্বকাপ ট্রফি, সদ্য এমএলএস কাপ এই মেসিই আজকের কলকাতায়।

শনিবার শহরজুড়ে ব্যস্ত সূচি। সকাল থেকে মিট অ্যান্ড গ্রিট, ভার্চুয়ালি নিজের মূর্তি উন্মোচন, তারপর যুবভারতী স্টেডিয়ামে ‘গোট কনসার্ট’। একই মঞ্চে থাকবেন শাহরুখ খান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়সহ বিশিষ্টরা। নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন প্রায় ২০০০ পুলিশকর্মী মোতায়েন, যান চলাচল নিয়ন্ত্রণ, কড়া নির্দেশিকা।

কলকাতার অদূরে সল্টলেক স্টেডিয়ামের কাছে তৈরি হয়েছে ‘হোলা মেসি ফ্যান জোন’। মায়ামির বাড়ির আদলে তৈরি প্রতিকৃতি, বারান্দায় বসে থাকা মেসি-পরিবার—সব মিলিয়ে উৎসবের আবহ।

কলকাতা পর্ব সেরে দুপুর ২টোয় মেসি রওনা দেবেন হায়দরাবাদে। সেখান থেকে মুম্বই, তারপর দিল্লি—তিনদিনে চার শহরের ‘GOAT India Tour 2025’। হায়দরাবাদে ‘গোট কাপ’, মুম্বইয়ে ওয়াংখেড়েতে সংবর্ধনা ও কোচিং ক্লিনিক, দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও বিশেষ অনুষ্ঠান—সব মিলিয়ে ভারতের মাটিতে এক ঐতিহাসিক সফর।

কয়েক ঘণ্টার জন্যই শহরে এলেন তিনি। তবু সেই কয়েক ঘণ্টাই যথেষ্ট—কলকাতার ফুটবল-ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় লিখে গেলেন লিওনেল মেসি।

Follow on Google