দানি রামিরেজের যোগদানের কথা জানিয়ে দিল পঞ্জাব 

শেষ সিজনে যথেষ্ট দাপটের সাথে শুরু করেছিল পঞ্জাব এফসি (Punjab FC)।  যারফলে লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেরা। যদিও সেটা বজায় ছিল না ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
punjab-fc-signs-dani-ramirez-isl-2025-26-super-cup-squad-rebuild
শেষ সিজনে যথেষ্ট দাপটের সাথে শুরু করেছিল পঞ্জাব এফসি (Punjab FC)।  যারফলে লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেরা। যদিও সেটা বজায় ছিল না বেশিদিন। শেষ পর্যন্ত লিগ টেবিলের দশম স্থানে শেষ করেছিল দল। তারপর সুপার কাপে ভালো পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য থাকলেও কাজে আসেনি সেই লড়াই। মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। 
 
সেই সমস্ত কিছু ভুলে এবারের এই নয়া সিজনে ভালো পারফরম্যান্স করাই প্রধান লক্ষ্য পঞ্জাব এফসির (Punjab FC)। এক্ষেত্রে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকেই সাফল্য পেতে মরিয়া ছিল সকলে। কিন্তু সেখানেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। নিজেদের ভুল ত্রুটি শুধরে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর আইএসএলের এই ফুটবল দল। এক্ষেত্রে তাঁদের টার্গেট সুপার কাপ। কিছুদিন পরেই শুরু হবে এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট। তাই অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি। তবে এই টুর্নামেন্টে মাঠে নামার আগে নিজেদের দলের আরো বেশ কিছু বিদেশি ফুটবলারদের সংযুক্ত করার পরিকল্পনা ম্যানেজমেন্টের। 
 
সেইমতো বেশকিছু ফুটবলারদের নাম উঠে আসতে শুরু করেছিল মাস কয়েক ধরে। যার মধ্যে ছিলেন দানি রামিরেজ। শোনা যাচ্ছিল এই স্প্যানিশ ফুটবলারের নাম। অবশেষে বুধবার নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দেয় পঞ্জাব এফসি (Punjab FC)। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের মাঝমাঠকে। ভারতের এই দলে যোগদান করার পূর্বে প্রথম টায়ারের ফুটবল ক্লাব মানিসা এফ কের সঙ্গে যুক্ত ছিলেন বছর তেত্রিশের এই অ্যাটাকিং মিডফিল্ডার। পরবর্তীতে যদিও তাঁকে রিলিজ করে দিয়েছিল সেই দল। কিছু মাস পরেই তাঁর সঙ্গে যোগাযোগ শুর করেছিল পঞ্জাব এফসি (Punjab FC)। 
 
মনে করা হচ্ছিল যে গত কয়েক সপ্তাহ আগেই সম্পন্ন হয়েছে সমস্ত সই সাবুদ। শুধুমাত্র ঘোষণার অপেক্ষায় ছিল সকলে। সেটাই হয়ে গেল এবার। আসন্ন সুপার কাপে নিজেদের আদৌও কতটা মেলে ধরতে পারে এই ক্লাব, সেটাই দেখার।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google