নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, রুদ্রপ্রয়াগে মৃত ১, খোঁজ নেই ১০ জনের

বদ্রীনাথ: উত্তরাখণ্ডে আবারও বড়সড় বাস দুর্ঘটনা। বদ্রীনাথ যাত্রাপথে রুদ্রপ্রয়াগ জেলার ঘোলতির কাছে পাহাড়ি রাস্তা থেকে একটি যাত্রীবাহী বাস গড়িয়ে পড়ে অলকানন্দা নদীতে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনায় অন্তত ...

By Moumita Biswas

Published:

Follow Us
Badrinath route bus plunge

বদ্রীনাথ: উত্তরাখণ্ডে আবারও বড়সড় বাস দুর্ঘটনা। বদ্রীনাথ যাত্রাপথে রুদ্রপ্রয়াগ জেলার ঘোলতির কাছে পাহাড়ি রাস্তা থেকে একটি যাত্রীবাহী বাস গড়িয়ে পড়ে অলকানন্দা নদীতে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনায় অন্তত ১ জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ১০ জন এখনও নিখোঁজ। বাসে মোট ১৮ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে উত্তরাখণ্ড পুলিশ।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

বৃহস্পতিবার সকালবেলায় বাসটি বদ্রীনাথমুখী পাহাড়ি পথে ঘোলতি নামক জায়গা পেরোচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, সেই সময় বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ৪০–৫০ মিটার নিচে অলকানন্দা নদীতে পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সম্ভাব্য কারণ রাস্তায় পিচ্ছিলভাব ও বাঁক ঘোরার সময় গতি না কমানো৷ বাসটি হৃষীকেশ থেকে বদ্রীনাথ যাচ্ছিল৷

   

উদ্ধারকাজে নামল SDRF ও পুলিশ Badrinath route bus plunge

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উত্তরাখণ্ড রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং রুদ্রপ্রয়াগ থানার পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। পাহাড়ি ঢালে মানববন্ধন করে উদ্ধার কাজ চালানো হয়। ৭ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অলকানন্দা নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আইজি নীলেশ আনন্দ ভারানে বলেন, “বাসটিতে ১৮ জন যাত্রী ছিলেন। এক জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ১০ জন এখনও নিখোঁজ। SDRF নদীতে তল্লাশি চালাচ্ছে।”

গাড়োয়াল বিভাগের বিভাগীয় কমিশনার বিজয়শঙ্কর পাণ্ডে বলেন, “দুর্ঘটনার পর ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজনের মৃত্যুর খবর নিশ্চিত। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।”

ঘটনাস্থলের পরিবেশ ভয়াবহ

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, নদীতে পড়ার পর বাসটি কিছুটা সময় ধরে জলের মধ্যে ভেসে ছিল। এরপর প্রবল স্রোতে একাংশ ভেঙে যায়। SDRF-এর ডুবুরি ও দড়ির সাহায্যে বেঁধে জীবিতদের তোলা হচ্ছে।
আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। নিখোঁজদের পরিবারের সদস্যরা খবর পেয়ে রুদ্রপ্রয়াগে পৌঁছাতে শুরু করেছেন।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google