ঘাটালে জলযন্ত্রণা জারি, মাস্টার প্ল্যান থমকে, রাজনৈতিক চাপানউতোর শুরু

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আবারও জলমগ্ন (Flood) হল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনা এবং গড়বেতার বিস্তীর্ণ অঞ্চল। যদিও বৃষ্টি থামার পর চন্দ্রকোনা ও গড়বেতার পরিস্থিতি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আবারও জলমগ্ন (Flood) হল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনা এবং গড়বেতার বিস্তীর্ণ অঞ্চল। যদিও বৃষ্টি থামার পর চন্দ্রকোনা ও গড়বেতার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু ঘাটাল এখনও কার্যত জলের তলায়। শত শত বিঘা কৃষিজমি জলের নিচে ডুবে রয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার।

এই ছবি ঘাটালের জন্য নতুন নয়। প্রায় প্রতি বছরই বর্ষা এলেই জল যন্ত্রণার কবলে পড়তে হয় ঘাটালবাসীকে। দীর্ঘদিন ধরে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এর কথা বলা হলেও বাস্তবে তার অগ্রগতি আজও প্রশ্নচিহ্নের মুখে।

   

ঘাটালবাসীর অভিযোগ, প্রতি নির্বাচনের সময় নেতারা প্রতিশ্রুতি দেন, কিন্তু বর্ষা এলেই সেই প্রতিশ্রুতি জলেই ভেসে যায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় তৃণমূল সাংসদ দীপক অধিকারীর সঙ্গে ঘাটালের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন—ঘাটালের বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য মাস্টার প্ল্যান রূপায়িত হবে। কিন্তু আজ ২০২৪ সালেও ঘাটালের বাস্তব চিত্র সেই একই।

সেচ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া জানান, “এটা শুধু বৃষ্টির জল নয়, ডিভিসি রাজ্যের সঙ্গে আলোচনা না করেই হঠাৎ জল ছেড়ে দিয়েছে। যার ফলে ঘাটাল, চন্দ্রকোনা ও গড়বেতার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।” তিনি আশ্বাস দেন যে, “ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকার কাজ শুরু করেছে। পরিকল্পনা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অন্যদিকে, বিজেপি নেতা তথা খড়গপুরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে বলেন, “ঘাটালের চ্যাম্পিয়ন মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হবে বলেছিলেন তৃণমূল নেতৃত্ব। এখন তাঁরা কোথায়? কেন্দ্র ইতিমধ্যেই ১২০০ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করেছে, অথচ রাজ্য সরকার মিথ্যাচার করছে এবং প্রকল্প বাস্তবায়ন করছে না।”

এই রাজনৈতিক তরজা যতই চলুক না কেন, জলযন্ত্রণায় কাহিল ঘাটালবাসীর দুঃখের সুর যেন দিন দিন আরও দীর্ঘ হচ্ছে। কারও বক্তব্যে নেই কবে শেষ হবে এই দুর্দশার চিত্র। স্থানীয় কৃষকদের অভিযোগ, বছরে একবার বৃষ্টি এলেই চাষের জমি জলের নিচে চলে যায়, তাদের রোজগার বন্ধ হয়ে যায়। পাকা ঘরবাড়ি না থাকায় বহু মানুষকে আশ্রয় নিতে হচ্ছে বাঁধে বা আত্মীয়ের বাড়িতে।

প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী ত্রাণশিবির ও খাবারের ব্যবস্থা করা হলেও তা মোটেই পর্যাপ্ত নয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

ভোট আসে, ভোট যায়—কিন্তু ঘাটালবাসীর কাছে জল যন্ত্রণা রয়ে যায় এক চিরন্তন অভিশাপের মতো। মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রতিশ্রুতি বহুদিনের, কিন্তু বাস্তবের মাটিতে তার ফল দেখা যাচ্ছে না। তাই প্রশ্ন উঠছে—কবে বাস্তব হবে সেই বহু প্রতীক্ষিত ‘ঘাটাল মাস্টার প্ল্যান’? আর কবে মুক্তি মিলবে জলবন্দি ঘাটালবাসীর?

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google