“বর্তমান বনাম প্রাক্তন…” শুভশ্রীর আগামী ছবির চরিত্র “বিনোদিনী” নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ

সম্প্রতি মুক্তি পেয়েছে রাম কোমল মুখার্জী পরিচালিত এবং দেব এন্টারটেনমেন্টস ভেঞ্চারস দ্বারা প্রযোজিত ছবি “বিনোদিনী : একটি নটীর উপাখ্যান”। ছবিতে বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। ছবির গল্প ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
rukminis-binodini-to-challenge-binodinis-declaration-srijit-kunal-revelation

সম্প্রতি মুক্তি পেয়েছে রাম কোমল মুখার্জী পরিচালিত এবং দেব এন্টারটেনমেন্টস ভেঞ্চারস দ্বারা প্রযোজিত ছবি “বিনোদিনী : একটি নটীর উপাখ্যান”। ছবিতে বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। ছবির গল্প প্রখ্যাত থিয়েটার শিল্পী বিনোদিনী দাসীর জীবনকাহিনী নিয়ে, যিনি সমাজের প্রচলিত প্রথাকে চ্যালেঞ্জ করে বাংলার থিয়েটারের রানী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তাঁর সংগ্রাম, আবেগ, বিশ্বাসভঙ্গ এবং বিজয়ের কাহিনী উঠে এসেছে এই চলচ্চিত্রে।

অন্যদিকে, সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি “লহ গৌরাঙ্গের নাম রে” ঘোষণা করেছেন। ছবিতে “বিনোদিনী” চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তবে এই বিষয় নিয়েই এখন বিতর্কের ঝড় উঠেছে টলিউডে । তৃণমূল নেতা কুণাল ঘোষ(Kunal Ghosh) তাঁর ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট শেয়ার করেছেন। পোস্টে তিনি টলিউডের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

   

কুণাল ঘোষ(Kunal Ghosh) তার ফেসবুকের পোস্টে একটি পোস্টে লেখেন, “বিনোদিনী। এটা টলিউডে হচ্ছেটা কী? সাধারণ দলীয় রাজনীতি দেখে নাক সিঁটকানোর ভাব করেন বহু শিল্পী। তাঁরা অনেকে বিবেকের ভূমিকায় জ্ঞান দেন। এখন টলিউডের অভ্যন্তরে যা কুৎসিত রাজনীতি দেখছি, হয়তো আগেও ছিল, এঁরা যেন আর সমাজের বিবেক সাজতে না যান।”

কুণালের(Kunal Ghosh) কথা অনুযায়ী, “বহুরূপী বনাম দেব ভক্তদের লড়াই রুচির সীমা পার করেছিল। এবার রুক্মিনীর বিনোদিনীকে ঠেকাতে নেমেছে আরেকটি মহল। চোখে লাগছে এই নোংরামি। সোশ্যাল মিডিয়ায় সংগঠিত বিরূপ পোস্ট, মিডিয়াকে প্রভাবিত করে রুক্মিনীর প্রচার বন্ধের চেষ্টা, এমনকি এই সময়ই পাল্টা বিনোদিনী ঘোষণা, তাও আবার শুভশ্রীকে সামনে রেখে, এগুলো এই সময়ে সুস্থ কাজ নয়।”

কুণাল তার পোস্টে রুক্মিনী অভিনীত ছবির প্রশংসা করে লিখেছেন, “রুক্মিনী বিনোদিনী করেছে। পরিচালক রামকমল। ছবিটি দেখেছি। বেশ ভালো করেছে। বিনোদিনী হিসেবে রুক্মিনী যথেষ্ট ভালো কাজ করেছে। চৈতন্যলীলা পর্বে মুগ্ধ করেছে। এ কোন রুক্মিনী? অথচ কী কুৎসিত অপপ্রচার, ট্রোলিং। এক উপেক্ষিত বঞ্চিত অভিনেত্রীর বায়োপিক, সেটাকে টানছেন আর এক অভিনেত্রী, টলিউডে শেষ কবে নায়িকার কাঁধের উপর ভর করে ছবি করা হয়েছে, তাও আবার এমন চ্যালেঞ্জিং চরিত্রে।”

তিনি আরও বলেন, “আমি সিনেমা বিশেষজ্ঞ নই, তবে দর্শক, বিনয় না করে বলছি, অনেকের থেকে ভালো বুঝি। আজকের সময়ে নায়িকাভিত্তিক ছবির ঝুঁকিই দুর্ভাগ্যজনকভাবে কেউ নিতে চান না, সেখানে রামকমল, রুক্মিনী কাজটা করেছেন, ভালো করেছেন। বাংলা ছবির দর্শকের দেখা উচিত। রুক্মিনীর পুরস্কার পাওয়া উচিত। বাণিজ্যিকভাবে কতটা কদিন চলবে, সেটা বলা কঠিন, আনুষঙ্গিক অনেক বিষয় থাকে। তবে ভালো ছবিকে ভালো বলব, দেখতে বলব, বিশেষত নটী বিনোদিনীকে নিয়ে কাজটা হওয়ায় বাড়তি আবেগ নিয়ে উৎসাহ দেব, এ তো স্বাভাবিক।’

কুণাল(Kunal Ghosh) এদিন আরও লেখেন, ‘কিন্তু এসব কী হচ্ছে? রুক্মিনীকে এই আক্রমণ? এঁরা অনেকে বিবেক সেজে বিবৃতি দেন? রুক্মিনী দেবের বান্ধবী হতে পারে, কিন্তু পর্দায় বিনোদিনীর অভিনয়টা তাকেই করতে হয়েছে। অপূর্ব করেছে। তাতে অনেকের গা জ্বলছে কেন?”

তিনি লিখেছেন, “এরই মধ্যে দেখলাম সৃজিত তাঁর গৌরাঙ্গ আবার সামনে এনেছেন, চার বছর নীরবতার পর। এখানে নাকি শুভশ্রী বিনোদিনী। এখনই মিডিয়ায় খবর ছাড়া হল। বড় বড় নাম এই প্রোডাকশনে। সৃজিত, শুভশ্রী দুজনেই কৃতী। কিন্তু বর্তমান বনাম প্রাক্তন ধরণের ছায়ার খেলায় প্রচারের বিষবাণ নীরবে ছড়িয়ে দেওয়া কি জরুরি ছিল? এক চরিত্র নিয়ে একাধিক কাজ স্বাভাবিক, তবে এক্ষেত্রে প্রেক্ষিত স্বাভাবিক নয়। দর্শক, আপাতত রুক্মিনীর বিনোদিনী দেখে আসুন।”

উল্লেখ্য,সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে রুক্মিণী মৈত্র এবং দেব দুজনের সম্পর্কই বেশ ভালো। সম্প্রতি তাদের দুজনকে একসাথে “সত্যি বলে সত্যি কিছু নেই” সিনেমাটির প্রিমিয়ার লঞ্চে দেখা গেছে। এমনকি সৃজিত পরিচালিত ছবি টেক্কাতেও তারা দুজনই ছিলেন মুখ্য অভিনেতা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google