Monday, May 25, 2026
Home Sports News দীনেশ কার্তিকের পরিবারে সুখবর, কন্যা সন্তানের জন্ম দিলেন দীপিকা

দীনেশ কার্তিকের পরিবারে সুখবর, কন্যা সন্তানের জন্ম দিলেন দীপিকা

dinesh-karthik-deepika-pallikal-blessed-with-baby-girl

মুম্বই: আইপিএল শুরুর আগেই প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ কার্তিকের (Dinesh Karthik) পরিবারে সুখবর। কন্যা সন্তানের জন্ম দিলেন স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকল। সোশ্যাল মিডিয়ায় খুশির খবর জানিয়েছেন তারকা দম্পতি। এই নিয়ে তাঁদের তৃতীয় সন্তান। ৫ বছর আগে যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন দীপিকা। নবজাতককে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন একাধিক ক্রিকেটার। বর্তমানে আইপিএলে আরসিবির কোচিং স্টাফ হিসাবে যুক্ত রয়েছেন কার্তিক।

- Advertisement -

যমজ পুত্রসন্তান কবীর এব‌ং জিয়ানের পর দীনেশ ও দীপিকার ঘর আলো করে কন্যা সন্তান এসেছে। সদ্যোজাত কন্যার নাম রাহা পল্লিকাল কার্তিক রেখেছেন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়া পোস্টে লাভ ইমোজি দিয়েছেন বিরাট কোহলি। কমেন্ট করে কংগ্র্যাচুলেশনস লিখেছেন শিখর ধাওয়ান, সানিয়া মির্জা, অক্ষর প্যাটেল, মনদীপ সিং, মহিপাল লোমরোররা। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সঞ্জনা গণেশন, প্রীতি নারায়ণের মতো ক্রিকেটার পত্নীরাও। আরসিবির তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে।

   

২০১৫ সালে হিন্দু এবং খ্রিস্টান আচার মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীনেশ কার্তিক ও দীপিকা পাল্লিকল। ২০২১ সালে প্রথমবার মা-বাবা হন তাঁরা। সে সময় যমজ পুত্র সন্তান হয়েছিল। যদিও এটা কার্তিকের দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালে ছোটবেলার বন্ধু নিকিতা বানজারাকে বিয়ে করেছিলেন দীনেশ কার্তিক। কিন্তু তাঁদের বিবাহিত জীবনে ফাটল ধরে নিকিতার জন্য। কার্তিকের সতীর্থ মুরলী বিজয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ৫ বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। এরপর মুরলীকে বিয়ে করেন নিকিতা।

দীপিকা পাল্লিকলও একজন ক্রীড়াবিদ। ভারতের প্রথম মহিলা খেলোয়াড় হিসাবে বিশ্বের স্কোয়াশ র‌্যাঙ্কিংয়ে প্রথম ১০ ছিলেন তিনি। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত কমনওয়েলথ এবং এশিয়ান গেমসে একাধিক পদক জিতেছেন। ২০২৩ সালের হাংঝো এশিয়াডে-তে মিক্সড ডাবলসে সোনা জিতেছিলেন।

Follow on Google